
সামনেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। ঠিক তার আগেই পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা নিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার কেন রিচার্ডসন। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় প্রায় ১৭ বছরের দীর্ঘ ও সফল ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি। গতি, সুইং আর বৈচিত্র্যে সীমিত ওভারের ক্রিকেটে যিনি ছিলেন অস্ট্রেলিয়ার নির্ভরতার প্রতীক। তার অবসর ঘোষণায় আবেগাপ্লুত ক্রিকেট মহল।
এই স্প্যানিশ ফুটবলারের দিকে নজর রয়েছে আইএসএলের এক ক্লাবের
রিচার্ডসন ছিলেন অস্ট্রেলিয়ার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ২৫টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ। বিশেষ করে বড় মঞ্চে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার ক্ষমতাই তাকে আলাদা করে চিনিয়েছে। ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিং এবং চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় পারফর্ম করার দক্ষতা ছিল তার অন্যতম বড় শক্তি।
ঘরোয়া ক্রিকেটে এবং ফ্র্যাঞ্চাইজি লিগে কেন রিচার্ডসনের অবদান ছিল আরও উজ্জ্বল। বিগ ব্যাশ লিগে (BBL) ১৫টি মরশুমে তিনি শিকার করেন ১৪২টি উইকেট। সেক্ষেত্রে তাকে টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন রেনেগেডস ও সিডনি সিক্সার্স তিনটি দলের হয়েই বিবিএলে খেলেছেন তিনি।
বিশেষ করে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে রিচার্ডসনের পারফরম্যান্স ছিল অসাধারণ। ক্লাবের হয়ে ৮০ ম্যাচে ১০৪ উইকেট নিয়ে তিনি রেনেগেডসের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হন। দলের বিবিএল আট শিরোপা জয়ে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তাকে ক্লাবের ইতিহাসে স্থায়ী আসনে বসিয়েছে।
টি-টোয়েন্টির বাইরেও প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেটে রিচার্ডসন রেখে গেছেন শক্ত ছাপ। তিনি খেলেছেন ৩৪টি প্রথম শ্রেণির ম্যাচে ১০২ উইকেট এবং ৯৮টি লিস্ট এ ম্যাচে ১৫৩ উইকেট। পাশাপাশি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস ও পুনে ওয়ারিয়র্সের হয়ে মাঠে নেমেছেন এই অজি পেসার। এছাড়া ইংল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহির বিভিন্ন লিগেও তার উপস্থিতি ছিল নজরকাড়া।
কেরিয়ারের শেষভাগে চোট তাকে বারবার ভোগালেও কখনও লড়াই ছাড়েননি কেন রিচার্ডসন। মাঠের ভিতরে তার আগ্রাসী মানসিকতা এবং মাঠের বাইরে পেশাদারিত্বের জন্য সতীর্থ ও প্রতিপক্ষ সবার কাছেই তিনি ছিলেন সম্মানিত। অবসর ঘোষণার পর অ্যাডাম জাম্পাসহ অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার তাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন।













