বাবান আদক, কলকতা ডেস্ক: লিওনেল মেসির বিশ্বকাপ (FIFA World Cup) স্বপ্ন কি এবার কেপ ভার্দের কাছেই শেষ হতে চলেছে? ঘানার এক বিখ্যাত ওঝা নানা কোয়াকু বোনসাম এমনই এক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করে ফুটবল দুনিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। আগামী ৪ জুলাই মায়ামিতে রাউন্ড অফ ৩২-এর ম্যাচে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা এবং কেপ ভার্দে। বোনসামের স্পষ্ট দাবি, এই ম্যাচেই অঘটন ঘটবে এবং কেপ ভার্দের কাছে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে লিওনেল মেসির দল।
ঘানার এই ওঝার দাবিকে অনেকে হেসে উড়িয়ে দিলেও, হ্যারি কেনের ঘটনার পর বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সদ্য সমাপ্ত গ্রুপ ‘এল’-এর ম্যাচে ঘানার বিরুদ্ধে অবিশ্বাস্যভাবে ফাঁকা গোলে বল জড়াতে ব্যর্থ হন ইংল্যান্ড অধিনায়ক। ম্যাচটি শেষপর্যন্ত গোলশূন্য ড্র হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় বোনসাম দাবি করেছিলেন যে, তাঁর ‘অভিশাপ’-এর কারণেই কেন গোল করতে পারেননি! সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তাঁর নিশানায় খোদ আর্জেন্টিনা।
তবে ঘানার ওঝার এই হুঙ্কারে আর্জেন্টাইন ভক্তদের খুব বেশি আতঙ্কিত হওয়ার কারণ নেই, কারণ অতীত পরিসংখ্যান পুরোপুরি মেসিদের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপের মঞ্চে আফ্রিকার দেশগুলির বিরুদ্ধে আর্জেন্টিনার রেকর্ড বরাবরই ঈর্ষণীয়। এ পর্যন্ত সাতবার আফ্রিকান দলগুলির মুখোমুখি হয়ে ছ’টিতেই জয় ছিনিয়ে নিয়েছে তারা (যার মধ্যে পাঁচটি জয় নাইজেরিয়ার বিরুদ্ধে এবং একটি আইভরি কোস্টের বিপক্ষে)। একমাত্র ব্যতিক্রম ১৯৯০ সালের বিশ্বকাপ, যেখানে ক্যামেরুনের কাছে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে।
এখন দেখার বিষয়, ৪ জুলাই মায়ামির মাঠে আর্জেন্টিনার পরিসংখ্যান অটুট থাকে, নাকি ঘানার জাদুকরের ভবিষ্যদ্বাণী সত্যি করে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দেয় কেপ ভার্দে!


