সায়ন সেনগুপ্ত, কলকাতা: ভারতীয় ক্লাব ফুটবলে বিদেশি ফুটবলার নিয়ে ধোঁয়াশা এখনও অব্যাহত। নয়া সিজনে দেশের প্রথম ডিভিশন লিগে ঠিক কতজন বিদেশি ফুটবলারকে খেলাতে পারবে দল গুলি। এসবের মাঝেই নতুন মরসুমের কথা মাথায় রেখে বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছিল দল গুলি। ইতিমধ্যেই তা এগিয়ে গিয়েছে অনেকটা দূর। তবে গত কয়েকদিন আগেই সকলের নজর কেড়েছিল কলকাতা ফুটবল লিগের গ্ৰুপ বিন্যাস। যেখানে একই গ্ৰুপে স্থান পেয়েছে মোহন-ইস্ট। সব ঠিকঠাক থাকলে সপ্তম রাউন্ডে মুখোমুখি হতে পারে দুই শিবির। এবার সামনে এসেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপের (Durand Cup) গ্ৰুপ পর্ব।
সেখানে ও এবার সমান গ্ৰুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রধান। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। পাশাপাশি এই গ্ৰুপ ‘এ’তে রয়েছে সাউথ ইউনাইটেড এফসি এবং সিআইএসএফ প্রোটেক্টরস। তবে ডার্বি ম্যাচ নিয়ে পারদ এখন থেকেই চড়তে শুরু করেছে দুই দলের সমর্থকদের মধ্যে। তবে এটা নতুন নয়। পূর্বে অর্থাৎ গত কয়েক বছরে ও মুখোমুখি হয়েছিল দুই শিবির। যেখানে দেখা গিয়েছিল শেয়ানে শেয়ানে টক্কর। সেই মহারনের অপেক্ষায় সকলে। সূচি অনুযায়ী এই জুলাইয়ের শেষেই শুরু হতে চলেছে ১৩৫ তম ডুরান্ড কাপ।
২৩ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। যেখানে কলকাতা সহ শিলং, রাঁচির মতো আরও দুইটি শহরে আয়োজিত হবে টুর্নামেন্টের ম্যাচ গুলি। যেখানে প্রথম সারিতে খেলা দল গুলির পাশাপাশি থাকছে ভারতীয় সেনাবাহিনীর পাশাপাশি প্রতিবেশী দেশের ফুটবল দল। উল্লেখ্য, শেষ দুইটি মরসুমে এই টুর্নামেন্টে অনবদ্য পারফরম্যান্স করে এসেছে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড। মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি ডায়মন্ড হারবার এফসির মতো দলকে হারিয়ে খেতাব জিতে নিয়েছিল পাহাড়ের এই ক্লাব। এবার ও সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকবে তাঁদের। অপরদিকে, নিজেদের ঘরে খেতাব ফেরাতে চাইবে কলকাতার দুই প্রধান।





