নয়াদিল্লি: অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অপেক্ষা আরও কিছুটা দীর্ঘ হতে পারে। তবে এর মাঝেই এক বড় সুখবর! নয়া কমিশন লাগু হওয়ার আগেই কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA) আরও একবার বাড়ানো হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।
জুলাই মাস প্রায় দোরগোড়ায়, আর বর্তমানে মুদ্রাস্ফীতিও রয়েছে বেশ ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা আরও একবার ডিএ বৃদ্ধির আশায় বুক বাঁধছেন। যদিও সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে সাম্প্রতিক মুদ্রাস্ফীতির পরিসংখ্যান মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনাকে আরও প্রবল করে তুলেছে।
নিয়ম অনুযায়ী কবে বাড়ে ডিএ?
কেন্দ্রীয় সরকার বছরে দু’বার তাদের কর্মীদের মহার্ঘ ভাতা সংশোধন করে। সাধারণত জানুয়ারি এবং জুলাই মাসে এই সংশোধিত ডিএ কার্যকর করা হয়। বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের ক্রমবর্ধমান দাম বা মুদ্রাস্ফীতির সঙ্গে মানিয়ে নিতেই সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের এই বিশেষ ভাতা দেওয়া হয়।
কী বলছে সাম্প্রতিক মুদ্রাস্ফীতির পরিসংখ্যান?
নতুন মহার্ঘ ভাতা কতটা বাড়বে, তা মূলত নির্ভর করে মুদ্রাস্ফীতির হারের ওপর। খুচরো মুদ্রাস্ফীতি: এপ্রিলে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৩.৪৮%। মে মাসে সামগ্রিক খুচরো মুদ্রাস্ফীতি ০.৪৫% বেড়ে দাঁড়িয়েছে ৩.৯৩%-এ।
গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতি ৩.৭৪% থেকে বেড়ে হয়েছে ৪.২৫%। অন্যদিকে, শহরাঞ্চলে এই হার ৩.১৬% থেকে বেড়ে ৩.৫৩% হয়েছে।
CFPI-এর রিপোর্ট অনুযায়ী, এপ্রিল মাসের ৪.২০%-এর তুলনায় মে মাসে খাদ্য মুদ্রাস্ফীতি ছিল ৪.৭৮%। গ্রামীণ এলাকায় এটি বেড়ে ৪.৮৫% এবং শহরাঞ্চলে ৪.৬৬%-এ পৌঁছেছে।
বর্তমানে কর্মচারীরা কত ডিএ পাচ্ছেন?
কেন্দ্রীয় সরকার ২০২৬ সালের এপ্রিলে শেষবার ডিএ সংশোধন করেছিল, যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল। সেই সময় ২% ডিএ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ এবং ডিআর (DR) মূল বেতনের ৫৮% থেকে বেড়ে ৬০%-এ পৌঁছয়।
জুলাইয়ে কত শতাংশ বাড়তে পারে ডিএ?
২০২৬ সালের জুলাই থেকে কার্যকর হতে চলা পরবর্তী মহার্ঘ ভাতা সংশোধনের ঘোষণা এখনও করা হয়নি। তবে, সাম্প্রতিক মুদ্রাস্ফীতির ঊর্ধ্বমুখী গ্রাফ থেকে বিশেষজ্ঞদের অনুমান, এবারও মহার্ঘ ভাতা ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
অষ্টম বেতন কমিশনের কাজ কতদূর?
কর্মচারীরা আসন্ন ডিএ বৃদ্ধির দিকে তাকিয়ে থাকলেও, অষ্টম বেতন কমিশন নিয়েও আলোচনা অব্যাহত রয়েছে। গত কয়েক মাসে কর্মচারী ইউনিয়ন এবং বিভিন্ন সংগঠন মুদ্রাস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে একাধিক দাবি জানিয়েছে। এর মধ্যে ন্যূনতম মূল বেতন বৃদ্ধি, ভাতা সংশোধন, বেতন কাঠামোর উন্নতি এবং পেনশন সুবিধার পরিবর্তনের মতো বিষয়গুলি রয়েছে। তবে সরকার এখনও পর্যন্ত নতুন বেতন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নের বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।



