সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত কয়েক সিজন ধরেই কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) অনবদ্য পারফরম্যান্স করে আসছে ইস্টবেঙ্গল দল। বলতে গেলে যথেষ্ট দাপটের সাথেই এই খেতাব ধরে রেখেছে লেসলি ক্লডিয়াস সরণীর এই ফুটবল ক্লাব। এই নতুন মরসুমে ও সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য থাকবে লাল-হলুদের। অপরদিকে, এবার এই খেতাব জিততে বদ্ধপরিকর চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট। গত ২০১৮ সালে শেষবারের মতো এই খেতাব ঘরে তুলেছিল সবুজ-মেরুন। তারপর আর এই খেতাব আসেনি গঙ্গা পাড়ের তাঁবুতে। সেই হতাশা কাটিয়ে এবার চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।
সেক্ষেত্রে এবার বাস্তব রায়ের উপরেই ভরসা রেখেছে ম্যানেজমেন্ট। অন্যদিকে, ইস্টবেঙ্গলের ভরসায় বিনো জর্জ। অবশেষে আজ প্রকাশিত হয়েছে প্রিমিয়ার ডিভিশন লিগের গ্ৰুপ সমূহ। সেই অনুযায়ী এবার একই গ্ৰুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। যারফলে এবার বাড়তি উত্তেজনা থাকবে সমর্থকদের মধ্যে। জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে এই ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট। সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকলে সপ্তম রাউন্ডে একে অপরের মুখোমুখি হতে পারে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান।
Also Read | পরমবীর সিংকে বিদায় জানাল পাঞ্জাব, পরবর্তী গন্তব্য কোথায় জানুন
বলাবাহুল্য, এবারের কলকাতা ফুটবল লিগের গ্ৰুপ ‘এ’তে রয়েছে ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। এছাড়াও এই গ্ৰুপেই স্থান পেয়েছে বিএসএস স্পোর্টিং ক্লাব, ইউনাইটেড কলকাতা এফসি, মেসার্স ক্লাব, কালীঘাট মিলন সংঘ, রেলওয়ে এফসি, ক্যালকাটা কাস্টমস, পাঠচক্র, জর্জ টেলিগ্ৰাফ, খিদিরপুর স্পোর্টিং ক্লাব, বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি এবং ভবানীপুর এফসি।



