বাজেট পেশের আগে বিধানসভায় পুজো-আরতি মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর

কলকাতা: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিধানসভার অন্দরেও এসেছে এক অভূতপূর্ব পরিবর্তন। খোদ বিধানসভা ভবনেই ঠাকুরের আসন পেতেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিদিন সেখানে নিয়ম করে পুজো…

Shubhendu Adhikari Prayer Before West Bengal Budget 2026

কলকাতা: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিধানসভার অন্দরেও এসেছে এক অভূতপূর্ব পরিবর্তন। খোদ বিধানসভা ভবনেই ঠাকুরের আসন পেতেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিদিন সেখানে নিয়ম করে পুজো ও আরতি করেন তিনি। আর আজ, নতুন সরকারের প্রথম বাজেট পেশের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে সেই নিয়মের কোনও অন্যথা তো হলই না, বরং পুজোয় যোগ হল এক বিশেষ মাত্রা। (Shubhendu Adhikari Prayer Before West Bengal Budget 2026)

সোমবার দুপুরে বিধানসভায় বাজেট পেশ করার ঠিক আগে, মুখ্যমন্ত্রীর সেই বিশেষ পুজো ও আরতিতে অংশ নিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও।

   

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই বিধানসভায় এক অন্য রকম পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে বিধানসভার অন্দরে প্রতিষ্ঠিত হয়েছে ঠাকুরের আসন। প্রতিদিন নিয়মনিষ্ঠার সঙ্গে সেখানে আরতি ও পুজো করা হয়। সোমবার বিধানসভায় রাজ্যের বাজেট পেশের মতো এক গুরুদায়িত্ব পালনের আগে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকেও দেখা গেল মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই পুজোয় অংশ নিতে।

এর আগে সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি পোস্ট করে অর্থমন্ত্রী লিখেছিলেন, “বাজেটের আগে তাঁর আশীর্বাদ।” আর এবার সরাসরি বিধানসভায় বাজেট পাঠ করার ঠিক আগে ঈশ্বরের কাছেও আশীর্বাদ চেয়ে নিলেন তিনি। রাজনৈতিক মহলের মতে, বিধানসভার মতো ঐতিহ্যবাহী জায়গায় এমন পুজো ও আরতির দৃশ্য বাংলার রাজনীতিতে কার্যত নজিরবিহীন। বাজেট অধিবেশনে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর একসঙ্গে এই আরতিতে অংশ নেওয়ার ছবি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিশেষ চর্চার বিষয় হয়ে উঠেছে।