‘শোলে’র ছায়ায় শিবসেনার লড়াই, বাঘ বনাম বিশ্বাসঘাতক বিতর্কে উত্তাল মহারাষ্ট্র

শিবসেনার প্রতিষ্ঠা দিবসে ফের মুখোমুখি একনাথ শিন্ডে ও উদ্ধব ঠাকরে। দল ভাঙনের জল্পনার মাঝেই দুই শিবিরের তীব্র বাকযুদ্ধে সরগরম মহারাষ্ট্রের রাজনীতি।

eknath-shinde-uddhav-thackeray-clash-on-shiv-sena-foundation-day

মুম্বই: মহারাষ্ট্রের রাজনীতিতে শিন্ডে বনাম উদ্ধব লড়াই যেন এবার পৌঁছে গেল বলিউডের কালজয়ী ছবি শোলে-র মঞ্চে। শিবসেনার (Shiv Sena) ৬০তম প্রতিষ্ঠা দিবসে দুই শিবিরের পাল্টাপাল্টি বক্তব্যে উঠে এল বাঘ, সিংহ, কুকুর, এমনকি শোলে ছবির বিখ্যাত সংলাপও।

একদিকে যখন একনাথ শিন্ডে নিজের শিবিরকে ‘বাঘের আসল উত্তরাধিকারী’ বলে দাবি করছেন, তখন অন্যদিকে দল ভাঙনের আশঙ্কার মধ্যে আবেগঘন বার্তা দিয়ে উদ্ধব ঠাকরে জানিয়ে দিলেন, প্রয়োজন হলে তিনি নেতৃত্বের পদ ছাড়তেও প্রস্তুত।

   

রাজনৈতিক উত্তাপের মাঝেই শিন্ডের ভাষণে বারবার ফিরে আসে শোলে। দলীয় কর্মীদের সামনে তিনি বলেন, “এটা শুধু ট্রেলার, পুরো সিনেমা এখনও বাকি।” এরপরই শুরু হয় বাঘ-সিংহ বনাম কুকুরের উপমা।

Also Read | আতঙ্কে পাকিস্তান! FATF-এর সহসভাপতি পদে প্রথমবার ভারত

শিন্ডের কথায়, “কুকুর দল বেঁধে ঘেউ ঘেউ করে, কিন্তু সিংহ একাই আসে। কুকুর ঘেউ ঘেউ করে, আর বাঘ শিকার করে। এটাই শিবসেনা।”

এতেই থামেননি তিনি। শোলে ছবিতে আসরানির বিখ্যাত চরিত্রকে টেনে এনে প্রতিপক্ষকে কটাক্ষ করে বলেন, “মনে আছে তো, ‘আধে ইধার যাও, আধে উধার যাও, বাকি মেরে পিছে আও’? কিন্তু পিছনে কেউ নেই। শুধু চামচ-কাঁটা পড়ে আছে।”

শিন্ডের এই মন্তব্যকে রাজনৈতিক মহল সরাসরি উদ্ধব ঠাকরের শিবিরের দিকে ছোড়া বার্তা হিসেবেই দেখছে। বিশেষ করে এমন সময়ে যখন শিবসেনা (ইউবিটি)-র ছয় সাংসদ দল ছাড়তে পারেন বলে জোর জল্পনা চলছে।

অন্যদিকে উদ্ধব ঠাকরের ভাষণে ছিল সম্পূর্ণ ভিন্ন সুর। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “যদি আপনারা মনে করেন আমি এই পদের যোগ্য নই, তাহলে সরাসরি বলুন। আমি আজই পদ ছেড়ে দিতে প্রস্তুত।”

Also Read | ‘সন্ত্রাসবাদ নিয়ে নিজের দেশে জিজ্ঞেস করুন!’ পাকিস্তানি সাংবাদিককে ধুয়ে দিলেন জয়শঙ্কর

ক্ষমতার প্রতি কোনও মোহ নেই বলেও দাবি করেন তিনি। তবে দলকে ‘চোর ও বিশ্বাসঘাতকদের’ হাতে তুলে দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

২০২২ সালে শিন্ডের বিদ্রোহের পর থেকেই শিবসেনা কার্যত দুই ভাগে বিভক্ত। দলীয় নাম ও প্রতীক হারানোর ধাক্কা সামলাতে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে উদ্ধব শিবির। অন্যদিকে শিন্ডে নিজেকে বালাসাহেব ঠাকরের আদর্শের প্রকৃত উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন।

শিবসেনার ৬০তম প্রতিষ্ঠা দিবসে তাই রাজনৈতিক মঞ্চ অনেকটা শোলে-র মতোই হয়ে উঠল। পার্থক্য শুধু একটাই—এখানে গব্বর, জয় বা বীরু নেই; আছে দুই শিবসেনা, আর চলছে ‘আসল উত্তরাধিকারী’ হওয়ার লড়াই।