নয়াদিল্লি: অযোধ্যার রামমন্দিরে (Ram Mandir) প্রাপ্ত অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ ঘিরে তদন্ত আরও জোরদার হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার অযোধ্যা সফরে যাচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, সফরকালে তিনি রামমন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের পদাধিকারীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।
জানা গিয়েছে, অনুদান সংক্রান্ত অভিযোগের তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ইতিমধ্যেই মন্দির চত্বরে একাধিক নথি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে। গত ১৩ জুন উত্তরপ্রদেশ সরকার তিন সদস্যের একটি এসআইটি গঠন করে। ট্রাস্টের পক্ষ থেকেই অভিযোগগুলির নিরপেক্ষ তদন্তের আবেদন জানানো হয়েছিল।
সূত্রের দাবি, ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় বর্তমানে তদন্তের আওতায় থাকায় তাঁকে মুখ্যমন্ত্রীর বৈঠক থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সফরসূচির একটি নির্দেশিকায় তাঁকে নিজের পরিবর্তে অন্য একজন প্রতিনিধির নাম মনোনীত করার কথাও বলা হয়েছে বলে জানা গিয়েছে।
এসআইটির তদন্ত মূলত মন্দিরের অনুদানের অর্থ গণনা, অর্থ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট কর্মীদের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে এগোচ্ছে। তদন্তকারীদের সন্দেহ, কিছু ক্ষেত্রে সিসিটিভি ফুটেজে কারচুপির সম্ভাবনা থাকতে পারে। সেই কারণেই মন্দির চত্বরে থাকা নজরদারি ব্যবস্থা, নিরাপত্তা সংক্রান্ত নথি এবং ক্যামেরার রেকর্ডিং খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে।
তদন্তে ট্রাস্টি অনিল মিশ্রের নামও উঠে এসেছে বলে সূত্রের খবর। ফলে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এছাড়া গত ১১ মাসে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রায় ১০ কোটি টাকা ব্যয়ের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। এত বিপুল অর্থ খরচের পরও অনুদানের বাক্স থেকে নগদ অর্থ ও গয়না চুরির অভিযোগ ওঠায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
তদন্তকারী দল ইতিমধ্যেই ১২৫ জনেরও বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। আরও প্রায় ২০০ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যাঁদের সঙ্গে আগামী দিনে কথা বলা হতে পারে। কিছু ব্যক্তিকে একাধিকবারও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে মন্দির প্রশাসনে আরও স্বচ্ছতা আনতে প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) নিয়োগের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। সূত্রের দাবি, কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে একটি প্রশাসনিক কাঠামো গড়ে তোলার বিষয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সব মিলিয়ে রামমন্দিরের অনুদান বিতর্ক ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য সামনে আসছে। মুখ্যমন্ত্রীর অযোধ্যা সফর এবং ট্রাস্টের সঙ্গে বৈঠককে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বাড়ছে জল্পনা।



