পারমিতা রায়, শিলিগুড়ি, ১৮ জুন: রান্নার গ্যাস, পেট্রল ও ডিজেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির (Fuel Price Hike) প্রতিবাদে বৃহস্পতিবার শিলিগুড়িতে বিক্ষোভে সামিল হল দার্জিলিং জেলা যুব কংগ্রেস। সংগঠনের ডাকে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনার পরিবেশ তৈরি হয়।
এদিন হাশমিচক থেকে বিক্ষোভ মিছিলের সূচনা হয়। মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের দুর্ভোগ ও পরিবহণ খরচ বৃদ্ধির বিষয়টি তুলে ধরতে মিছিলের সামনে একটি গরুর গাড়ি রাখা হয়। প্রতিবাদকারীদের দাবি, জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং বহু ক্ষেত্রে মানুষ বিকল্প পরিবহণের কথা ভাবতে বাধ্য হচ্ছেন। সেই বার্তাই প্রতীকীভাবে তুলে ধরা হয় গরুর গাড়ির মাধ্যমে।
আরও পড়ুন: ২ লাখের বেশি শপিং? প্যান কার্ডের এই ভুলে ১০ হাজার টাকা জরিমানা!
মিছিলটি হাশমিচক থেকে এয়ারভিউ মোড় হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পুনরায় হাশমিচকে এসে শেষ হয়। বিক্ষোভ চলাকালীন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে স্লোগান তোলেন যুব কংগ্রেস কর্মী-সমর্থকেরা।
মিছিল শেষে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহের চেষ্টা করেন বলে জানা যায়। অভিযোগ, সেই সময় কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা কুশপুতুল দাহে বাধা দেন। এরপরই বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের বচসা শুরু হয়, যা কিছুক্ষণের মধ্যেই ধস্তাধস্তির রূপ নেয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। পরে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয় এবং পরিস্থিতির উপর নজরদারি বাড়ানো হয়।
যুব কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে তাঁদের গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচিতে অযথা বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
গরুর গাড়ি নিয়ে অভিনব প্রতিবাদ, কুশপুতুল দাহের চেষ্টা এবং পরবর্তী উত্তেজনার ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। মূল্যবৃদ্ধি ইস্যুতে আগামী দিনেও আন্দোলন জারি থাকবে বলে ইঙ্গিত দিয়েছে যুব কংগ্রেস নেতৃত্ব।



