বিট্টু দত্ত, কলকাতা: বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চে প্রথম ম্যাচ, আর সেই ম্যাচেই আলো ছড়ালেন লুইস দিয়াজ। একটি গোল ও একটি অ্যাসিস্টে ভর করে কলম্বিয়াকে দারুণ সূচনা এনে দিলেন লিভারপুল তারকা। ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযানের প্রথম ম্যাচে অভিষেককারী উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘কে’-র শীর্ষে উঠে এসেছে নেস্তর লরেঞ্জোর দল।
কাতার বিশ্বকাপের মূলপর্বে খেলতে না পারার হতাশা কাটিয়ে এবার নতুন উদ্যমে বিশ্বকাপে ফিরেছে কলম্বিয়া। মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে ৮০ হাজারেরও বেশি দর্শকের সামনে দক্ষিণ আমেরিকার দলটি শুরু থেকেই নিজেদের অভিজ্ঞতা ও সামর্থ্যের প্রমাণ দেয়। দিনের অন্য ম্যাচে পর্তুগাল ও ডিআর কঙ্গোর ১-১ ড্র হওয়ায় এই জয়ের ফলে গ্রুপের একক শীর্ষস্থানও দখল করে নেয় কলম্বিয়ানরা।
ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের কাছে রেখে আক্রমণের পর আক্রমণ শানাতে থাকে কলম্বিয়া। উজবেকিস্তানের রক্ষণভাগকে চাপে ফেলে একাধিক সুযোগ তৈরি করেন দিয়াজ, লুইস সিনিস্তেরা ও ড্যানিয়েল মুনোজরা। ৩৩ মিনিটে দিয়াজ প্রায় গোল পেয়েই গিয়েছিলেন। দুরন্ত গতিতে রক্ষণ ভেঙে এগিয়ে গিয়ে শট নিলেও তাঁর প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
প্রথমার্ধ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আসে কাঙ্ক্ষিত গোল। জেফারসন লেরমার নিখুঁত লব পাস উজবেক রক্ষণকে সম্পূর্ণ পরাস্ত করে। সেই বলের দিকে ছুটে গিয়ে ড্যানিয়েল মুনোজ প্রথম ছোঁয়াতেই দুর্দান্ত ভলিতে জাল কাঁপান। গোলরক্ষক উতকির ইউসুপভের কিছুই করার ছিল না। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় কলম্বিয়া।
তবে বিশ্বকাপে প্রথমবার খেলতে নামা উজবেকিস্তান সহজে হার মানার দল নয়। দ্বিতীয়ার্ধে তারা আরও সাহসী ফুটবল খেলতে শুরু করে। ৬০ মিনিটে সেই লড়াইয়েরই পুরস্কার পায় এশিয়ার প্রতিনিধিরা। এলদর শোমুরোদভের ভলি কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস ঠিকমতো তালুবন্দি করতে পারেননি। ফিরতি বলে দ্রুততম প্রতিক্রিয়া দেখিয়ে আব্বোসবেক ফয়জুল্লায়েভ হেডে বল জালে জড়িয়ে দেন। স্টেডিয়ামের উজবেক সমর্থকদের মধ্যে তখন উৎসবের আবহ।
সমতায় ফেরার পর কিছু সময় ম্যাচে উত্তেজনা বাড়লেও কলম্বিয়া দ্রুত নিজেদের ছন্দে ফিরে আসে। সেই সময়ই দলের ত্রাতা হয়ে ওঠেন লুইস দিয়াজ। একদিকে নিজের গোল, অন্যদিকে সতীর্থকে দিয়ে গোল করিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। তাঁর নেতৃত্বে আক্রমণভাগ আরও ধারালো হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে দক্ষিণ আমেরিকার শক্তিশালী দলটি।
এই জয়ের ফলে গ্রুপ ‘কে’-তে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিল ফিফা র্যাঙ্কিংয়ের ১৩ নম্বর দল কলম্বিয়া। ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্টরা আবারও বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের জানান দিল। অন্যদিকে, হারলেও অভিষেক বিশ্বকাপে উজবেকিস্তানের লড়াকু মানসিকতা নজর কেড়েছে।
পরবর্তী ম্যাচে গুয়াদালাহারায় ডিআর কঙ্গোর মুখোমুখি হবে কলম্বিয়া। অন্যদিকে, হিউস্টনে কঠিন পরীক্ষার সামনে পড়বে উজবেকিস্তান, যেখানে তাদের প্রতিপক্ষ হবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। বিশ্বকাপের পথচলায় সেই ম্যাচ দু’টি যে গ্রুপের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তা বলাই বাহুল্য।



