নয়াদিল্লি: দৈনন্দিন জীবনে আমরা প্রতিদিনই কিছু না কিছু কেনাকাটা করে থাকি। তবে উৎসব, বিয়ে বা বিশেষ প্রয়োজনে সেই খরচের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। কিন্তু আপনি কি জানেন, ২ লক্ষ টাকার বেশি মূল্যের যেকোনো জিনিস কিনলে প্যান কার্ড (PAN Card) দেখানো বাধ্যতামূলক? আর এই নিয়মে সামান্য ভুলচুক হলেই আপনাকে গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা! (PAN Card mandatory for purchases above Rs 2 lakh)
প্যান কার্ড এখন শুধু আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার জন্যই নয়, বরং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, সম্পত্তি কেনা বা অন্যান্য বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রেও অপরিহার্য।
কোথায় কোথায় প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক?
আয়কর দফতরের নিয়ম অনুযায়ী, বেশ কিছু ক্ষেত্রে প্যান কার্ড ছাড়া আপনার কাজ এগোতেই পারে না৷ ২০ লক্ষ টাকার বেশি মূল্যের কোনো জমি বা ফ্ল্যাট কেনাবেচা করলে। গাড়ি বা বাইক কেনা: ৫ লক্ষ টাকার বেশি দামের চারচাকা বা দু’চাকার গাড়ি কেনার ক্ষেত্রে।
ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে গেলে অথবা আনলিস্টেড কোম্পানির ১ লক্ষ টাকার বেশি শেয়ার কিনলে। ২ লক্ষ টাকার বেশি মূল্যের যেকোনো সামগ্রী বা পরিষেবা কিনলে প্যান দেওয়া আবশ্যিক।
২ লক্ষ টাকার নিয়মে কোন কোন সামগ্রী পড়ে?
যদি আপনার বিল ২ লক্ষ টাকার গণ্ডি পার করে, তবে যেসব ক্ষেত্রে বিক্রেতা বা পরিষেবা প্রদানকারী আপনার কাছে প্যান কার্ড চাইতে পারেন, সেগুলি হল- সোনা-রুপোর গয়না, ইলেকট্রনিক্স জিনিসপত্র (যেমন— টিভি, দামি মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ ইত্যাদি), দামি আসবাবপত্র (Furniture) এবং ফ্যাশন বা পোশাক সামগ্রী। এছাড়াও অনলাইনে বড় অঙ্কের কেনাকাটা। হোটেল বুকিং, ট্রাভেল বা ভ্রমণের খরচ ২ লক্ষ টাকার বেশি হলে।
ভুল প্যান দিলে কী শাস্তি হবে?
বড় লেনদেনের ক্ষেত্রে আপনি যদি প্যান কার্ড না দেন, তবে সেই ট্রানজ্যাকশন বা লেনদেন সেখানেই আটকে যাবে। কিন্তু সবচেয়ে বড় বিপদ হলো তথ্য গোপনের চেষ্টা করলে।
আপনি যদি ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে অন্য কারও বা ভুল প্যান নম্বর জমা দেন, তবে আয়কর আইন অনুযায়ী আপনার ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে! শুধু তাই নয়, ভুল প্যান দেওয়ার কারণে আপনার ট্যাক্স ক্রেডিট পেতে সমস্যা হতে পারে এবং সরকারি রেকর্ডে বড় ধরনের গরমিল দেখা দিতে পারে। তাই বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে সর্বদা সঠিক প্যান নম্বর ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।



