প্রকাশিত রাজ্য জয়েন্টের ফলাফল! প্রথম সল্টলেকের শাশ্বত বন্দ্যোপাধ্যায়

কলকাতা: অপেক্ষার অবসান। প্রকাশিত হলো রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ফলাফল। চলতি বছর ইঞ্জিনিয়ারিংয়ের এই প্রবেশিকা পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করে নজির গড়লেন সল্টলেকের…

কলকাতা: অপেক্ষার অবসান। প্রকাশিত হলো রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ফলাফল। চলতি বছর ইঞ্জিনিয়ারিংয়ের এই প্রবেশিকা পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করে নজির গড়লেন সল্টলেকের বাসিন্দা শাশ্বত বন্দ্যোপাধ্যায়। আনুষ্ঠানিক সাংবাদিক বৈঠক করে পরীক্ষার ফলাফল ও মেধা-তালিকা ঘোষণা করেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান গৌতম পাল।

কোথায় ও কখন দেখা যাবে ফলাফল?

বোর্ড জানিয়েছে, আজ বিকেল ৪টে থেকেই পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের র‍্যাঙ্ক কার্ড (Rank Card) ডাউনলোড করতে পারবেন। ফলাফল জানা যাবে বোর্ডের নির্দিষ্ট দুটি ওয়েবসাইটে:

   
  • www.wbjeeb.nic.in
  • www.wbjeeb.in

একনজরে এ বারের জয়েন্টের পরিসংখ্যান-

এ বছর জয়েন্ট পরীক্ষায় বসেছিলেন মোট ৯৪ হাজার ৯০১ জন পড়ুয়া। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯২ হাজার ৭৫৩ জন। সফল পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৬৬ হাজার ৩৮৩ জন এবং ছাত্রীর সংখ্যা ২৬ হাজার ৩৬৮ জন।

উল্লেখযোগ্যভাবে, এ রাজ্যের পাশাপাশি মেধা-তালিকায় জায়গা করে নিয়েছেন পশ্চিমবঙ্গের বাইরের ১৯ হাজার ৮৮ জন পড়ুয়া।

কবে থেকে শুরু কাউন্সেলিং?

ফলাফল প্রকাশের পাশাপাশি কাউন্সেলিংয়ের দিনক্ষণ নিয়েও প্রাথমিক তথ্য দিয়েছে বোর্ড। জয়েন্ট বোর্ডের চেয়ারম্যান গৌতম পাল জানিয়েছেন, আগামী ২৯ জুন থেকে শুরু হতে পারে জয়েন্টের কাউন্সেলিং এবং সিট অ্যালটমেন্টের (Seat Allotment) প্রক্রিয়া। পরীক্ষার্থীদের পরবর্তী আপডেটের জন্য ওয়েবসাইটের দিকে নজর রাখতে বলা হয়েছে।