লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাতের জন্য দীর্ঘদিন ধরেই সময় চেয়ে আসছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । সেই লক্ষ্যে তিনি নিজেই স্পিকারের কাছে একটি চিঠি পাঠান। সূত্রের খবর, ওই চিঠি স্পিকারের দফতরে পৌঁছে দেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ এবং সাংসদ সাগরিকা ঘোষ। চিঠিতে স্পিকারের সঙ্গে দেখা করার জন্য একটি নির্দিষ্ট সময় চাওয়া হয়েছিল।
চিঠি পাওয়ার পর স্পিকার দফতরের তরফে দ্রুত সাড়া দেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাক্ষাতের জন্য একটি সময়ও নির্ধারণ করে দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, গত ১৫ জুন দুপুর প্রায় দু’টোর সময় অভিষেকের কাছে ইমেল মারফত একটি বার্তা পাঠানো হয়। সেই মেইলে জানানো হয়েছিল, সেদিনই বিকেল চারটের মধ্যে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করতে হবে।
কিন্তু সেই সময় পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। ওই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি ছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার সময় কোনও রাজনৈতিক বা ব্যক্তিগত কাজে যুক্ত হওয়ার সুযোগ ছিল না তাঁর। স্বাভাবিকভাবেই তিনি মোবাইল ফোন ব্যবহার করতে পারেননি এবং এত অল্প সময়ের নোটিসে দিল্লিতে পৌঁছে স্পিকারের সঙ্গে দেখা করাও তাঁর পক্ষে সম্ভব ছিল না।
এই পরিস্থিতিতে তৃণমূল সাংসদ কীর্তি আজাদ স্পিকার দফতরের সঙ্গে যোগাযোগ করেন। তিনি স্পিকার অফিসে গিয়ে বিস্তারিত পরিস্থিতি ব্যাখ্যা করেন বলে সূত্রের খবর। কীর্তি আজাদ জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় কলকাতায় ইডির তদন্তে হাজিরা দিচ্ছেন। ফলে মাত্র কয়েক ঘণ্টার নোটিসে তাঁর দিল্লিতে গিয়ে সাক্ষাৎ করা বাস্তবসম্মত নয়। তাই পরবর্তী কোনও উপযুক্ত তারিখে নতুন করে সময় নির্ধারণ করার আবেদন জানানো হয়।
এরপরই বিষয়টি নিয়ে নতুন সিদ্ধান্ত নেয় স্পিকার দফতর। সূত্রের খবর, বুধবার বিকেল পাঁচটার দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন একটি ইমেল পাঠানো হয়েছে। সেই ইমেলে স্পিকারের সঙ্গে সাক্ষাতের জন্য নতুন সময় জানানো হয়েছে। নির্ধারিত হয়েছে, আগামী ১৯ জুন বিকেল পাঁচটায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য স্পিকারের সামনে তুলে ধরার সুযোগ পাবেন।



