কলকাতা: রাজ্যের সমস্ত জেলায় বিজেপি সরকারের উদ্যোগে আয়োজিত ‘জনকল্যাণ শিবির’-এ সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া। অন্নপূর্ণা ভাণ্ডার থেকে আয়ুষ্মান ভারত, রাজ্য ও কেন্দ্রের প্রায় ৫৫টি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা এক ছাতার তলায় পৌঁছে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আর প্রতিটি শিবিরেই মানুষের উপচে পড়া ভিড়ের কথা মাথায় রেখে এবার এই শিবিরের মেয়াদ আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিল প্রশাসন। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৮ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে এই শিবির।
কেন এই মেয়াদ বৃদ্ধি?
প্রশাসনের প্রাথমিক বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত রাজ্যজুড়ে মোট ১১০০টি শিবিরের মাধ্যমে এই পরিষেবা দেওয়ার কথা ছিল। কিন্তু শিবিরের প্রথম দিন থেকেই ছবিটা ছিল সম্পূর্ণ আলাদা। সকাল থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ফর্ম পূরণ, নথিভুক্তিকরণ ও তথ্য যাচাইয়ের জন্য প্রতিটি শিবিরে লম্বা লাইন দিচ্ছেন উপভোক্তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও বাড়ছে, যার ফলে অনেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে পারছিলেন না।
লক্ষ্য একটাই, মানুষের সুবিধা
বিগত সরকারের আমলে আয়োজিত ‘দুয়ারে সরকার’-এর ধাঁচেই এবার জেলায় জেলায় এই ‘জনকল্যাণ শিবির’-এর আয়োজন করেছে বর্তমান সরকার। প্রশাসনের মূল লক্ষ্য, সাধারণ মানুষ যাতে কোনও রকম হয়রানি ছাড়াই দ্রুত সরকারি প্রকল্পের সুবিধা পান। প্রবল ভিড়ের কারণে যাতে একজন উপভোক্তাও পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই দিক বিবেচনা করেই শিবিরের সময়সীমা অতিরিক্ত একদিন (১৮ জুন পর্যন্ত) বাড়ানো হয়েছে।


