কলকাতা: ভোটের আগে তাঁর করা একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক। সেই ‘ডিজে বাজবে’ মন্তব্যের জেরে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতেই এবার সিআইডি (CID) দফতরে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। (Abhishek Banerjee appears before CID)
মঙ্গলবার ঠিক দুপুর ১২টা নাগাদ নিজের বাড়ি থেকে বেরিয়ে ভবানী ভবনের উদ্দেশে রওনা দেন তিনি। কিছুক্ষণের মধ্যেই সিআইডি-র সদর দফতরে পৌঁছে যান অভিষেক। সূত্র মারফত জানা গিয়েছে, নির্বাচনের আগে করা ওই নির্দিষ্ট মন্তব্যের কারণ এবং প্রেক্ষাপট জানতেই তাঁকে তলব করা হয়েছে। এদিন নির্দিষ্ট সময়েই তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হন তিনি।
ভোটের আবহে করা একটি রাজনৈতিক মন্তব্যের জেরে অভিষেকের এই সিআইডি হাজিরাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। নজর রয়েছে ভবানী ভবনের পরবর্তী আপডেটের দিকেও।



