
বিধানসভায় সই জালিয়াতি মামলাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানির সময় একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh banerjee) আইনজীবী অয়ন ভট্টাচার্যকে। তদন্তে সহযোগিতা এবং সিআইডির সামনে হাজিরা দেওয়া নিয়ে আদালতের কড়া অবস্থান স্পষ্ট হয়ে ওঠে শুনানির সময়। শেষ পর্যন্ত আদালতকে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিআইডি আধিকারিকদের মুখোমুখি হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুনানির শুরুতেই বিচারপতি কৌশিক চন্দ অভিষেকের আইনজীবীর কাছে জানতে চান, (Abhisekh banerjee) কেন সিআইডির ডাকে সাড়া দেওয়া হচ্ছে না এবং কবে তদন্তকারী সংস্থার সামনে হাজিরা দেওয়া হবে। তিনি স্পষ্ট নির্দেশ দেন, ১০ মিনিটের মধ্যে এই বিষয়ে আদালতকে জানাতে হবে। বিচারপতির এই প্রশ্নে আদালত কক্ষে কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতকে জানান, তাঁর মক্কেল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিআইডির সামনে হাজির হবেন। (Abhisekh banerjee) পাশাপাশি তিনি আরও জানান, সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে তদন্তকারী সংস্থা যখনই ডাকবে, তখনই সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন অভিষেক। তবে তদন্তে সহযোগিতা করার পাশাপাশি আদালতের কাছ থেকে আইনি সুরক্ষাও চেয়েছেন তিনি।
এই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি কৌশিক চন্দ গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। আদালতের অনুমতি ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে তদন্ত চললেও আপাতত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি বা অন্য কোনও কড়া পদক্ষেপ নিতে হলে আদালতের অনুমতি প্রয়োজন হবে।
তবে একইসঙ্গে আদালত তদন্তে কোনও বাধা সৃষ্টি করেনি। বিচারপতি স্পষ্ট করেছেন, মামলার তদন্ত স্বাভাবিক নিয়মেই চলবে। তদন্তকারী আধিকারিকরা প্রয়োজনীয় নথি বাজেয়াপ্ত করতে পারবেন এবং মামলার স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদও করতে পারবেন। আদালত আরও জানিয়েছে, তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে তৃণমূল নেতাকে।

