
দিল্লিতে (TMC-Congress) একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর অবশেষে জল্পনার অবসান। ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিতে রাজধানী দিল্লিতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সফর ঘিরেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছিল। বিশেষ করে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তৃণমূলের ধারাবাহিক বৈঠক নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছিল। অবশেষে বুধবার রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ বৈঠকের পর জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল বলে রাজনৈতিক সূত্রের খবর।
মঙ্গলবারই দিল্লিতে কংগ্রেস (TMC-Congress) সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর বাসভবনে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছিল। যদিও বৈঠক শেষে প্রকাশ্যে খুব বেশি কিছু বলতে চাননি দুই পক্ষের নেতারা। তবে সূত্রের দাবি, বিরোধী ঐক্য আরও মজবুত করা এবং ভবিষ্যতের রাজনৈতিক কৌশল নিয়েই মূলত আলোচনা হয়েছিল।
এরপর বুধবার নজর ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর (TMC-Congress) বৈঠকের দিকে। রাজধানীতে দুই নেতার প্রায় ৮৮ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক রাজনৈতিক মহলের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। বৈঠকে লোকসভা নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংসদের ভিতরে ও বাইরে বিরোধীদের ভূমিকা এবং বিরোধী বৃহত্তর রাজনৈতিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, দুই নেতার আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য তৈরি হয়। দীর্ঘদিন ধরে যে বিষয়গুলি নিয়ে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে মতপার্থক্য ছিল, সেগুলির অনেকটাই মিটে গিয়েছে বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের। ফলে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গিয়েছে।
