RR vs SRH: একে অপরকে টপকে যাওয়ার লড়াইয়ে রাজস্থান-হায়দরাবাদ

rr-vs-srh-ipl-2026-rajasthan-vs-hyderabad-high-voltage-clash-preview

Kolkata, April 25: শনিবার আইপিএল ২০২৬-এর ৩৬তম ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ।(RR vs SRH) জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে। রাজস্থানের বিরুদ্ধে এই অ্যাওয়ে ম্যাচ জিততে মরিয়া কমলা শিবির। উল্টোদিকে ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগাতে চায় রাজস্থান।

পয়েন্ট টেবিলের বিচারে আগে পিছেই রয়েছে উভয় দল। গত ৭ ম্যাচের মধ্যে ৫টি জিতে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রিয়ান পিরাগের রাজস্থান। অন্যদিকে মোট ৭ ম্যাচের মধ্যে ৪টিতে জয়লাভ করে ৮ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থানে অরেঞ্জ আর্মি। এমতাবস্থায় দুই দলের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই আশা করা হচ্ছে।

   

রাজস্থান এ মরসুমে শুরুটা ভালোই করেছিল। শুধু অসুবিধা এক জায়গায়। ওপেনিং জুটি রান তুলতে ব্যর্থ হলে চাপ সামলাতে পারছে না মিডল অর্ডার। পক্ষান্তরে হায়দ্রাবাদের ব্যাটাররা ধারাবাহিকভাবে রান তুলছে। এর আগে বোলিংয়ে পিছিয়ে থাকলেও শেষ ম্যাচ গুলিতেও তাতেও উন্নতি করেছে। আজ উভয় দলই পয়েন্ট টেবিলে উপরের দিকে ওঠার জন্য বিশেষ রণকৌশল নিয়ে নামবে।

আইপিএল ইতিহাসে মোট ২২বার প্রতিদ্বন্দ্বিতা করেছে রাজস্থান ও হায়দরাবাদ। তার মধ্যে ১৩বার জিতেছে হায়দরাবাদ এবং ৯বার সফল রাজস্থান। এদিক থেকে এগিয়ে অরেঞ্জ আর্মি। পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যায় জয়পুরের আবহাওয়া আর্দ্র থাকবে। তাপমাত্রা প্রায় ৩৬° সেলসিয়াস এবং গড় আর্দ্রতা ৫০ থেকে ৬০ শতাংশের মধ্যে থাকবে।

এই ভেন্যুতে এ মরসুমে এটিই প্রথম ম্যাচ। এই মাঠের পিচ সমতল হওয়ায় এটি একটি ব্যাটিং-বান্ধব ভেন্যু। খেলা যত এগোবে উইকেটের উন্নতি হবে এবং আর্দ্র আবহাওয়ার কারণে শেষের দিকে শিশির আরও বাড়বে। তাই, ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করাই আদর্শ বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে টস একটি বিষয়ে ভূমিকা নেবে।

রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রিয়ান পরাগ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, ডোনোভান ফেরেরা, রবীন্দ্র জাদেজা, জোফ্রা আর্চার, রবি বিষ্ণোই, ব্রিজেশ শর্মা, নান্দ্রে বার্গার।
ইমপ্যাক্ট প্লেয়ার: তুষার দেশপান্ডে।

সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ইশান কিশান (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, সলিল অরোরা (উইকেটরক্ষক), অনিকেত ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবাং কুমার, হর্ষ দুবে, সাকিব হুসেন, ঈশান মালিঙ্গা।
ইমপ্যাক্ট প্লেয়ার: প্রফুল্ল হিঙ্গে।