
Kolkata, April 25: পাঞ্জাব যেন বর্তমানে অশ্বমেধ ঘোড়া। আইপিএল ২০২৬ এ দুরন্ত ছন্দে শ্রেয়াস ব্রিগেড। আজ তাদেরই বিজয়রথে রাশ টানতে ময়দানে নামছে দিল্লি ক্যাপিটালস (DC vs PBKS)। অক্ষরদের বিপক্ষে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে প্লে-অফের রাস্তা পাকা করতে অ্যাওয়ে ম্যাচে নামবে পাঞ্জাব কিংস। সময় বিকেল ৩:৩০ মিনিট।
এই মরসুমের এখনো পর্যন্ত অপরাজিত দল পাঞ্জাব কিংস। মোট ৬ ম্যাচের ৫টি জিতে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে প্রীতি জিন্টার দল। তাও একটি ম্যাচ বৃষ্টির কারণে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়নি তারা। প্রতি ম্যাচে জয়লাভ করে এবছর শিরোপা জয়েরই বার্তা দিচ্ছে এই ফ্রাঞ্চাইজি। ব্যাটিংয়ে – বোলিংয়ে শ্রেয়াসদের জুড়ি মেলা ভার। যেমন ছন্দে আছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার, তেমনই ফর্মে প্রিয়াংশ আর্য, কুপার কনোলিও। সাহস যোগাচ্ছে মিডল অর্ডারও। বোলিংয়ে বিদ্ধংসী অর্শদীপ সিং, বার্টলেট ও মার্কো জানসেন, যুজবেন্দ্র চাহালরা।
পক্ষান্তরে, মরসুমে শুরুটা ভালো করলে বর্তমানে ডামাডোল পরিস্থিতি দিল্লি শিবিরে। গত ৬ ম্যাচে মাত্র ৩টিতে জয়ী তারা। এই মুহূর্তে ৬ পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে দিল্লি। দেখা যাচ্ছে, বড় রান তাড়া করতে হিমশিম খাচ্ছে এই দল। দিল্লির ব্যাটিং লাইন আপে পাথুম নিশাঙ্কা, লোকেশ রাহুল, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেলের মতো বড় ব্যাটাররা থাকলেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট। তবে বোলিংয়ে দলের সেরা অস্ত্র পেসার লুঙ্গি এনগিডি।
পরিসংখ্যান অনুযায়ী, আইপিএলে মোট ৩৫বার মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে দিল্লি ও পাঞ্জাব। উভয় দলই ১৭বার করে জয়লাভ করেছে। মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় কোনো একক দোল এগিয়ে নয়। মাঠ হিসেবে অরুণ জৈটলি স্টেডিয়ামে একটি উচ্চ স্কোরের উইকেট। এটি বড় মাঠ নয়, এবং সীমানাগুলি খুব ছোট। এখানকার দ্রুত আউটফিল্ড বোলারদের জন্য আরও চ্যালেঞ্জ সৃষ্টি করে। পূর্বাভাসে অনুযায়ী, শনিবার বিকেলে দিল্লিতে অতিরিক্ত তাপমাত্রার সূচক দেখাচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা ৪১°C পৌঁছাবে এবং গড় আর্দ্রতা থাকবে ৫৮ শতাংশ।
দিল্লি ক্যাপিটালস সম্ভাব্য একাদশ: কে এল রাহুল (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, নীতিশ রানা, সমীর রিজভি, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল (অধিনায়ক), কুলদীপ যাদব, লুঙ্গি এনগিডি, টি নটরাজন, মুকেশ কুমার।
ইম্প্যাক্ট প্লেয়ার: আশুতোষ শর্মা।
পাঞ্জাব কিংস সম্ভাব্য একাদশ: প্রভসিমরন সিং (উইকেটরক্ষক), প্রিয়াংশ আর্য, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস, কুপার কনোলি, মার্কো জানসেন, জেভিয়ার বার্টলেট, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, বিজয়কুমার ভিশক।
ইম্প্যাক্ট প্লেয়ার: নেহাল ওধেরা।

