
কলকাতা: বাংলায় ২০২৬-এর নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সুনিশ্চিত করতে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। তবে ভোটারদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি, সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াতে যাতে হয়রানি না হয়, তার জন্য বাইক চলাচলের বিধিনিষেধে বড়সড় রদবদল আনল কমিশন। আগের নির্দেশিকার বিভ্রান্তি দূর করে এবার বেশ কিছু ক্ষেত্রে বিশেষ ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে।
কারা ছাড় পাচ্ছেন?
সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, কর্মজীবী মানুষদের বড়সড় স্বস্তি দেওয়া হয়েছে৷ সঙ্গে বৈধ সচিত্র পরিচয়পত্র থাকলে নির্ঝঞ্ঝাটে বাইক নিয়ে কর্মস্থলে যাওয়া যাবে। ওলা বা উবারের মতো অ্যাপ-বাইক এবং জোম্যাটো, সুইগির মতো ফুড ডেলিভারি বা কুরিয়ার পরিষেবা সম্পূর্ণ চালু থাকবে।
কী কী নিষেধ? Bengal election bike restrictions
প্রতিটি দফার ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে কড়া বিধিনিষেধগুলি কার্যকর হবে৷ কোনও রকম বাইক র্যালি বা মোটরসাইকেল মিছিল করা যাবে না। ভোটের আগের দু’দিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন বা পারিবারিক অনুষ্ঠান ছাড়া বাইক চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।
দিনের বেলা (সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা) বাইকের পিছনে কাউকে বসিয়ে যাতায়াত করা যাবে না। তবে স্কুল পড়ুয়াদের আনা-নেওয়া বা চিকিৎসার ক্ষেত্রে এই নিয়মে ছাড় রয়েছে।
ভোটের দিনের নিয়ম ও পুলিশের ভূমিকা
ভোটের দিন সপরিবারে বাইকে চড়ে ভোটকেন্দ্রে যাওয়া যাবে। চেকিংয়ের সময় সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণ করার এবং পরিচয়পত্র যাচাই করে ছাড় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। এই তালিকার বাইরে বিশেষ প্রয়োজনে যাতায়াতের জন্য স্থানীয় থানা থেকে আগাম লিখিত অনুমতি নিতে হবে।
‘সোর্স জ্যামিং’ রুখতে রাজ্য পুলিশের ডিজি, জেলাশাসক ও পুলিশ সুপারদের এই নির্দেশিকা কড়াকড়িভাবে পালনের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

