
Kolkata, April 21: দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, অধ্যবসা এবং একাগ্রতার ফল পেলেন আরণ্যক ঘোষ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দাবা জগতে স্বপ্ন পূরণ করলেন আরণ্যক। বর্তমানে তিনি বাংলার দ্বাদশ এবং ভারতের ৯৫তম গ্র্যান্ডমাস্টার।
সম্প্রতি শেষ হয়েছে ব্যাংকক চেস ক্লাব ওপেন। সেখানে শেষ নর্ম পূরণ করে দাবা ইতিহাসে নিজের নাম তুললেন বাংলার এই দাবাড়ু। মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে মোট ৯ রাউন্ডে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে যৌথভাবে শেষ করেন ২২ বছরের আরণ্যক। আর এর সাথে হয়ে উঠলেন বাংলার ১২তম এবং ভারতের ৯৫তম গ্র্যান্ডমাস্টার।
চার বছর আগে ২০২২ সালে স্পেনে সান্টস ওপেনে প্রথম নর্ম হাসিল করেছিল আরণ্যক। তখন থেকে যাত্রা শুরু। আনেমাস মাস্টার্সে অর্জন করেন দ্বিতীয় নর্ম। আর তৃতীয় নর্মটি পেলেন ব্যাংকক চেস ক্লাব ওপেনে। পাশাপাশি দেশীয় পর্যায়েও অভূতপূর্ব সাফল্য আরণ্যকের। পথ মসৃণ ছিল না। ধাপে ধাপে নিজেকে প্রস্তুত করেছিলেন।
আরণ্যক খেলার সময় নিজের একটি কৌশল মেনে চলেন। প্রতিপক্ষ যখন প্রস্তুত, তখন তিনি গেম বদলে ফেলেন। আরন্যকের এই কৃতিত্ব শুধু ব্যক্তিগত নয়, গোটা বাংলা তথা ভারতের দাবা মহলের জন্য গর্বের মুহূর্ত। তাঁর এই সাফল্য নতুন প্রজন্মের দাবাড়ুদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

