প্রচারের ফাঁকে কী খেয়ে ফিট থাকছেন মমতা? ‘ডায়েট সিক্রেট’ ফাঁস!

Mamata Banerjee diet secret

শান্তিপুর: রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৫ দিন ধরে টানা নির্বাচনী প্রচারে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূল সুপ্রিমো। বাধ্য হয়েই রাত কাটাতে হচ্ছে হোটেলে। কিন্তু হোটেলের তেল-মশলাযুক্ত খাবার তিনি একেবারেই ছুঁয়ে দেখেন না। তাহলে এই তীব্র গরমে, এতটা ধকল সামলে নিজেকে ফিট রাখছেন কীভাবে? সোমবার শান্তিপুরের এক প্রচার সভা থেকে নিজের ‘ডায়েট সিক্রেট’ নিজেই খোলসা করলেন মুখ্যমন্ত্রী। (Mamata Banerjee diet secret)

ভাত-রুটি বা রিচ খাবার নয়, মমতার ভরসা একেবারে সাধারণ সেদ্ধ খাবারে। তিনি জানান, “হোটেলের খাবার আমি খাই না। চিঁড়ে, মুড়ি, একটু ডাল সেদ্ধ আর কোনও কোনও দিন একটা ডিম সেদ্ধ খাই। এতেই আমার চলে যায়, অভ্যাস হয়ে গিয়েছে।” তবে দিন শুরু করেন বিশেষ চা দিয়ে। লবঙ্গ, দারুচিনি ও মধু দিয়ে ফোটানো দু’কাপ চা খেয়েই প্রচারের ময়দানে নেমে পড়েন নেত্রী। এরপর সারাদিন প্রচারের চাপে ঠিকমতো খাওয়ার সময় মেলে না। বিকেলে সতেজ থাকতে খান গ্রিন টি।

   

এদিন প্রচারের ফাঁকেই এক সাংবাদিকের মায়ের হাতের তৈরি ঘরোয়া খাবার পেয়ে আপ্লুত মুখ্যমন্ত্রী বলেন, “আহা, অনেকদিন বাড়ির খাবার খাইনি রে!” তবে খাবারে বেশি ঝাল দিতে বারণ করেন তিনি। জানান, ১৯৯০ সালে মায়ের মৃত্যুর পর থেকে তিনি আর ঝাল খেতে পারেন না। রাত ৩-৪টের আগে ঘুমোতে না পারলেও তাঁর এনার্জিতে কোনও ঘাটতি হয় না। হাসিমুখে মমতার সংযোজন, “শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মই ধর্ম। তাই কোনও সমস্যা হয় না।”