রাম মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু তৃণমূল প্রার্থী শিউলি সাহার

Trinamool Candidate Seuli Saha Begins Campaign with Prayer at Ram Temple
Trinamool Candidate Seuli Saha Begins Campaign with Prayer at Ram Temple

কেশপুর, পশ্চিম মেদিনীপুর: রবিবার সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন, মাঝেমধ্যে ঝিরঝিরে বৃষ্টিও পড়ছে। তবে এই প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই জোরকদমে জনসংযোগের কাজে নেমে পড়েন তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহা (Seuli Saha) । পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভার অন্তর্গত ৫ নম্বর অঞ্চলের উপরকোয়াই, মাকুলচক ও কোকাবনি বুথে দিনভর নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচি চালান তিনি।(Seuli Saha) সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকদের একটি বড় অংশ, যারা বৃষ্টিকে তোয়াক্কা না করেই মানুষের দুয়ারে পৌঁছে যান।

দিনের শুরুতেই স্থানীয় রাম মন্দিরে পুজো দিয়ে নিজের প্রচার কর্মসূচি শুরু করেন শিউলি সাহা। মন্দিরে প্রার্থনার মাধ্যমে তিনি এলাকার মানুষের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের কামনা করেন। এরপর মন্দির চত্বর থেকেই শুরু হয় তাঁর জনসংযোগ অভিযান। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যা, চাহিদা ও অভাব-অভিযোগের কথা মন দিয়ে শোনেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও পরিষেবার কথা তুলে ধরেন স্থানীয়দের সামনে।

   

শিউলি সাহা(Seuli Saha) বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁদের আশ্বাস দেন যে, আগামী দিনেও উন্নয়নের এই ধারা বজায় থাকবে। তিনি বলেন, “রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য যে সমস্ত প্রকল্প চালু করেছে, তা যেন প্রতিটি প্রাপকের কাছে পৌঁছে যায়, সেটাই আমাদের লক্ষ্য। আমরা চাই কেশপুর আরও উন্নত হোক, মানুষ আরও ভালো থাকুক।” প্রচারের মাঝেই তিনি রাজনৈতিক বক্তব্যও রাখেন। রাম মন্দিরে পুজো দেওয়ার প্রসঙ্গে শিউলি সাহা (Seuli Saha) বলেন, “রাম শুধু কোনও একটি রাজনৈতিক দলের নয়, রাম সকলের। যারা রামকে নিয়ে রাজনীতি করে, তারা প্রকৃত রামভক্ত হতে পারে না।” তাঁর এই মন্তব্য ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি আরও জানান, ধর্মকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, মানুষের ঐক্য ও সম্প্রীতি বজায় রাখাই তাঁদের মূল লক্ষ্য।