
কলকাতা: বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় রাজ্যে তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের পর এবার রাজ্যের দুই বিদায়ী মন্ত্রী তথা শাসকদলের হেভিওয়েট প্রার্থী সুজিত বসু এবং রথীন ঘোষকে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, বহুচর্চিত পুর-নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তাঁদের তলব করা হয়েছে।
কবে হাজিরা?
জানা গিয়েছে, বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে আগামী সোমবার, ৬ এপ্রিল এবং মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষকে আগামী বুধবার, ৮ এপ্রিল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। ভোটের ভরা মরশুমে প্রচারের চরম ব্যস্ততার মাঝে এই দুই নেতা ইডি-র দপ্তরে সশরীরে হাজিরা দেবেন, নাকি সময় চেয়ে আবেদন করবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।
দেবাশিস কুমারকেও তলব ED summons TMC leaders
এর আগে চলতি সপ্তাহেই জমি দুর্নীতি মামলায় রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে তলব করেছিল ইডি। প্রচারের ব্যস্ততা সামলে গত সোমবারের পর শুক্রবারও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন কলকাতা পুরসভার এই মেয়র পারিষদ। এর পরই শুক্রবার পুর-নিয়োগ দুর্নীতিতে সুজিত ও রথীনকে তলব করল কেন্দ্রীয় সংস্থা।
শাসক শিবিরের প্রশ্ন
ভোটের মুখে রাজ্যজুড়ে ইডি-র এই ধারাবাহিক তল্লাশি ও নগদ টাকা উদ্ধারের ঘটনা স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। তবে তৃণমূল শিবিরের তরফে কেন্দ্রীয় সংস্থার এই পদক্ষেপের সময় (Timing) নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। শাসকদলের একাংশের অভিযোগ, নির্বাচনের ঠিক মুখে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বেছে বেছে তৃণমূল প্রার্থীদের বিভিন্ন মামলায় তলব করে চাপ সৃষ্টির চেষ্টা চলছে। যদিও এই জোড়া তলব প্রসঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীদের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

