কলকাতা: মধ্যপ্রাচ্যে ইজরায়েল ও ইরানের মধ্যে চলা রক্তক্ষয়ী সংঘাত থামাতে পারে কেবল একটি ফোন কল! আর সেই ফোনটি করতে হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এমনটাই মনে করেন ভারতে নিযুক্ত সংযুক্ত আরব আমিরশাহির (UAE) প্রথম রাষ্ট্রদূত হুসেন হাসান মির্জা। তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইজরায়েল এবং ইরান, দুই দেশেরই অত্যন্ত সুসম্পর্ক রয়েছে, যা এই চরম উত্তেজনা প্রশমিত করতে মোক্ষম হাতিয়ার হতে পারে।
ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য
ইন্ডিয়া টুডে টিভি-কে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে মির্জা ভারতের শক্তিশালী কূটনৈতিক অবস্থান এবং বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী মোদীর প্রভাবের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “ভারত একটি মহান দেশ। ভারতের যে বর্তমান অবস্থান… শুধুমাত্র নরেন্দ্র মোদীর একটা ফোন কল যদি ইজরায়েল ও ইরানের কাছে যায় যুদ্ধ থামানোর জন্য, তবে তা থেমে যাবে। মাত্র একটা ফোন কল।”
কেন মোদীর ওপর এত ভরসা? Narendra Modi Iran Israel Mediation
সাক্ষাৎকারে প্রাক্তন রাষ্ট্রদূত ব্যাখ্যা করেছেন কেন তিনি প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপের ওপর এত জোর দিচ্ছেন৷ তিনি উল্লেখ করেন যে, মাত্র ১০ দিন আগেই ইজরায়েল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। ইজরায়েলি শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত মজবুত।
অন্যদিকে, ইরানের সঙ্গেও ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো। মির্জার কথায়, “শ্রী মোদীর সঙ্গে ইরানের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। ভারত ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। সমীকরণটা খুব সহজ… মোদীর একটা ফোন কলই এই সমস্যার সমাধান করে দেবে।”
আন্তর্জাতিক মহলের একাংশও মনে করছে, এই চরম উত্তেজনার মুহূর্তে দুই বিবাদমান দেশের সঙ্গেই সমান্তরালভাবে সুসম্পর্ক বজায় রাখা ভারতের মতো শক্তিশালী রাষ্ট্র মধ্যস্থতাকারীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।




