নয়াদিল্লি: লোকসভার স্পিকার ওম বিড়লাকে অপসারণের প্রস্তাব নিয়ে আজ, ৯ মার্চ উত্তাল হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন। স্পিকারের বিরুদ্ধে ‘পক্ষপাতদুষ্ট’ আচরণের অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী শিবির। এই প্রস্তাব ঘিরে আজ লোকসভায় শাসক-বিরোধী সংঘাত চরমে পৌঁছনোর আশঙ্কা রয়েছে।
কী অভিযোগ বিরোধীদের?
কংগ্রেসের তিন সাংসদ এই অপসারণের নোটিস জমা দিয়েছেন। বিরোধীদের অভিযোগ, স্পিকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। রাহুল গান্ধী সহ বিরোধী নেতাদের বলতে বাধা দেওয়া, অযৌক্তিকভাবে বিরোধী সাংসদদের সাসপেন্ড করা এবং শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতি ভারত-চিন সংঘাত নিয়ে একটি বইয়ের উদ্ধৃতি দেওয়াকে কেন্দ্র করে এই বিবাদের সূত্রপাত।
সংসদীয় নিয়ম কী বলছে? Om Birla removal motion
সংবিধান অনুযায়ী, প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য প্রথমে লোকসভায় অন্তত ৫০ জন সাংসদকে দাঁড়িয়ে সমর্থন জানাতে হবে। প্রস্তাব গৃহীত হলে ভোটাভুটি হবে। নিয়ম অনুযায়ী, এই আলোচনা চলাকালীন স্পিকার লোকসভা পরিচালনা করতে পারবেন না, তবে তিনি উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
আজকের পরিস্থিতি ও সম্ভাবনা
আজ লোকসভায় উপস্থিত থাকার জন্য বিজেপি এবং কংগ্রেস, দুই দলই তাদের সাংসদদের জন্য কড়া ‘থ্রি-লাইন হুইপ’ জারি করেছে। তৃণমূল কংগ্রেস সহ ‘ইন্ডিয়া’ জোটের অন্য দলগুলিও এই অপসারণ প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানিয়েছে।
খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পিকারের কাজের প্রশংসায় পঞ্চমুখ। লোকসভায় এনডিএ সরকারের বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকায় ভোটাভুটিতে এই প্রস্তাব শেষ পর্যন্ত খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করছে রাজনৈতিক মহল।


