ক্যানসার প্রাণ কেড়েছে রিঙ্কুর বাবার, সমবেদনা কেকেআরের

Rinku Singh father death

কলকাতা: দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন রিঙ্কু সিংয়ের বাবা খাচান্দ্র সিং। মেকানিক্যাল ভেন্টিলেটর সাপোর্ট ও ‘কন্টিনিউয়াস রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি’-তে ছিলেন তিনি। শুক্রবার সকালে সমস্ত লড়াই থেমে গেল। রিঙ্কুর জীবনে নেমে এল এক অন্ধকার অধ্যায়। টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই বাবাকে হারালেন তিনি। শোকের ছায়া নেমে এসেছে রিঙ্কু সিংয়ের পরিবারে। তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে রিঙ্কুর অনুগামীরা।

সমবেদনা কেকেআরের

রিঙ্কুর প্রতি সমবেদনা জানিয়ে কেকেআরের তরফ থেকে লেখা হয়েছে, “রিঙ্কু ও তাঁর পরিবারের এই কঠিন সময়ে আমরা তাঁদের পাশে আছি। খান চন্দ্র সিংয়ের ত্যাগ সবসময় স্মরণে থাকবে। অনেক ক্রিকেট অনুরাগী রিঙ্কুকে সান্ত্বনা জানিয়ে লিখেছেন, তোমার বাবা তোমার এই আকাশছোঁয়া সাফল্য দেখে গর্বিত হয়েছেন।” বর্তমানে রিঙ্কু যেখানে আছেন তাঁর নেপথ্যে রয়েছেন বাবা খাচান্দ্র সিং। গ্যাস ডেলিভারি করতেন তিনি। সেখান থেকে একটু একটু করে টাকা জমিয়ে রিঙ্কুকে ক্রিকেটার বানিয়েছেন খাচান্দ্র সিং। বাবার মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন রিঙ্কু সিং।

   

 পাঞ্জাব কিংসে যোগ দিয়েছিলেন রিঙ্কু Rinku Singh father death

২০১৭ সালে ১০ লক্ষ টাকায় পাঞ্জাব কিংসে যোগ দিয়েছিলেন রিঙ্কু সিং। ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত কেকেআরে ৮০ লক্ষ টাকা পেতেন। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত তাঁর বেতন কমে দাঁড়ায় ৫৫ লক্ষ টাকায়। ২০২৫ সালে রিঙ্কুকে ১৩ কোটি টাকায় দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। একটা সময় ঝাড়ুদার রিঙ্কু এখন ২৮ কোটি টাকার মালিক। এই সবকিছুর পিছনে রয়েছে তাঁর বাবার হাত।