
ওয়াশিংটন: ইরানের বিরুদ্ধে চলা সামরিক অভিযানের মাঝেই ইরাকের পশ্চিমাঞ্চলে ভেঙে পড়ল মার্কিন বিমানবাহিনীর একটি ‘কেসি-১৩৫’ (KC-135) স্ট্র্যাটোট্যাঙ্কার। বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ভেঙে পড়া বিমানটিতে পাঁচজন ক্রু সদস্য ছিলেন বলে জানা গিয়েছে।
অভিযানের সময় দুর্ঘটনা
সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। অভিযানে দুটি জ্বালানি সরবরাহকারী বিমান অংশ নিয়েছিল। এর মধ্যে একটি বিমান নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেও অন্যটি পশ্চিম ইরাকের মরু অঞ্চলে আছড়ে পড়ে।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, ঘটনাটি ‘ফ্রেন্ডলি এয়ারস্পেস’ বা বন্ধুপ্রতীম আকাশসীমায় ঘটেছে এবং এতে কোনো শত্রুভাবাপন্ন দেশের সংশ্লিষ্টতা নেই। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, অবতরণ করা দ্বিতীয় বিমানটির লেজের অংশে মারাত্মক ক্ষতি দেখা গিয়েছে, যা থেকে মাঝ-আকাশে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
পাল্টাপাল্টি দাবি US aircraft crash Iraq
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাকভিত্তিক ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ এই বিমানটি ভূপাতিত করার দাবি করেছে। এক বিবৃতিতে তারা জানায়, “দেশের সার্বভৌমত্ব ও আকাশসীমা রক্ষায়” তারা এই হামলা চালিয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে।
উদ্ধার অভিযান ও বর্তমান পরিস্থিতি
বর্তমানে দুর্ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, “আমরা নিখোঁজ ক্রু সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং পরিস্থিতির স্বচ্ছতার জন্য তথ্য সংগ্রহের চেষ্টা করছি। বিস্তারিত তথ্য পাওয়া মাত্রই তা প্রকাশ করা হবে।”
রণক্ষেত্রে ক্ষয়ক্ষতির খতিয়ান
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর এটি চতুর্থ মার্কিন বিমান বিধ্বস্তের ঘটনা। এর আগে গত সপ্তাহে কুয়েতি বাহিনীর ভুল নিশানায় (Friendly Fire) তিনটি মার্কিন F-15E Strike Eagle যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। যদিও সেই ঘটনায় সকল পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
এখন পর্যন্ত এই সংঘাতের জেরে মোট সাতজন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং অন্তত ১৪০ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পেন্টাগন। উল্লেখ্য, বিধ্বস্ত হওয়া KC-135 বিমানটি মার্কিন বিমানবাহিনীর দীর্ঘপাল্লার মিশনের অন্যতম প্রধান স্তম্ভ, যা মাঝ-আকাশে যুদ্ধবিমানগুলোকে জ্বালানি সরবরাহে ব্যবহৃত হয়।

