
জম্মু: ইরানে যৌথ হামলা শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল (Jammu Kashmir)। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে নিহতের খবর আসতে শুরু করেছে। এই হামলার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে ভারতেও। জম্মু-কাশ্মীরের মুসলিম সম্প্রদায় এই হামলার প্রতিবাদে রাস্তায় নেমেছে। বিশেষ করে শিয়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বুদগাম জেলায় শিয়া মুসলিমরা বড়সড় একটি বিক্ষোভ মিছিল বের করেন। যেখানে তারা ইরানের প্রতি সংহতি জানিয়ে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন।
এছাড়া উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় একাধিক স্থানে শত শত মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান।বুদগামে বিক্ষোভকারীরা মিছিল করে ইরানের উপর “অমানবিক ও অন্যায়” হামলার নিন্দা করেন। তারা স্লোগান দেন “ইরান জিন্দাবাদ”, “আমেরিকা-ইসরায়েল মুর্দাবাদ” এবং “ইরানের সঙ্গে আমরা এক”। একজন স্থানীয় বাসিন্দা এএনআই-কে বলেন, “মার্কিন-ইসরায়েল ইরানের উপর অন্যায় আক্রমণ করেছে। আমরা ইরানের নিরাপত্তার জন্য প্রতিবাদ করছি।
আরও দেখুন: হাইভোল্টেজ ডার্বি, মহামেডানের বিপক্ষে কাদের প্রথম একাদশে রাখলেন লোবেরা ?
ভারত সরকারের উচিত এই হামলার নিন্দা করা।” বিক্ষোভকারীরা ভারত সরকারের কাছে দাবি জানান যেন এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে নিন্দা জানানো হয় এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা নেওয়া হয়। বান্দিপোরায় সারাই দাঙ্গারপোরা ও শাদিপোরা এলাকায় শতাধিক মানুষ জড়ো হয়ে প্রতিবাদ সভা করেন। তারা ইরানের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং হামলাকে “যুদ্ধাপরাধ” বলে অভিহিত করেন। প্রতিবাদকারীরা বলেন, এই হামলা শুধু ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি, বরং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকেও বিপন্ন করেছে।
কয়েকটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় হাঁটছেন এবং ইরানের পতাকা উড়িয়ে দিচ্ছেন।এই প্রতিবাদগুলো ইরান-ইসরায়েল-মার্কিন সংঘাতের প্রেক্ষাপটে ভারতের অভ্যন্তরে প্রথম বড় মাত্রার প্রতিক্রিয়া। ইরানে হামলায় মেয়েদের স্কুলসহ বেসামরিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, যা কাশ্মীরের মুসলিম সম্প্রদায়ের মধ্যে আরও ক্ষোভ বাড়িয়েছে। শিয়া সম্প্রদায় বিশেষ করে ইরানের সঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক যোগসূত্রের কারণে এই ঘটনায় সবচেয়ে বেশি প্রভাবিত। বুদগাম ও বান্দিপোরার প্রতিবাদ শান্তিপূর্ণ ছিল, কোনো অশান্তির খবর পাওয়া যায়নি।

