স্বপ্নপুরীর শহর জুরিখ: শিক্ষা, সংস্কৃতি ও চলচ্চিত্রের এক অনন্য মিলনক্ষেত্র

zurich-switzerland-education-culture-film-festival

প্রবাসের রূপকথা | জুরিখ (Zurich) : সুইজারল্যান্ডের নাম শুনলেই ভারতীয়দের মনে ভেসে ওঠে এক স্বপ্নময় দেশের ছবি। তুষারাবৃত পর্বত, সবুজ উপত্যকা, নীল হ্রদ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এই দেশ বহুদিন ধরেই ভ্রমণপিপাসু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

ভারতীয় চলচ্চিত্রের সঙ্গেও সুইজারল্যান্ডের সম্পর্ক দীর্ঘদিনের। রাজ কাপুরের সিনেমা থেকে শুরু করে যশ চোপড়ার কালজয়ী চলচ্চিত্র দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে_ সুইস প্রকৃতির সৌন্দর্য বারবার ধরা পড়েছে রূপালি পর্দায়। টিটলিস, ইয়ুংফ্রাউ ও সুইস আল্পসের মনোমুগ্ধকর দৃশ্য আজও ভারতীয় দর্শকদের কাছে সমান জনপ্রিয়।

   

তবে সুইজারল্যান্ড শুধু প্রকৃতির দেশ নয়; এটি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও বিশ্বের অন্যতম সমৃদ্ধ কেন্দ্র। জুরিখ শহরে অবস্থিত বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে হাজার হাজার শিক্ষার্থীকে আকৃষ্ট করে। উচ্চশিক্ষা, গবেষণা ও পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে ভারতসহ বিভিন্ন দেশের তরুণ-তরুণীরা এখানে এসে নিজেদের স্বপ্নপূরণের পথে এগিয়ে যায়। শিক্ষা শেষ করে তাঁদের অনেকেই আন্তর্জাতিক অঙ্গনে সফলভাবে প্রতিষ্ঠিত হচ্ছেন।

zurich-switzerland-education-culture-film-festival

সংস্কৃতি ও শিল্পচর্চার ক্ষেত্রেও জুরিখের গুরুত্ব অপরিসীম। প্রতি বছর জুরিখ লেকের মনোরম তীরবর্তী বেলভিউ অঞ্চলে অনুষ্ঠিত হয় বহুল আলোচিত জুরিখ ফিল্ম ফেস্টিভ্যাল। এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে ঘিরে বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে সৃষ্টি হয় বিশেষ আগ্রহ। হলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা অভিনেতা, পরিচালক ও শিল্পীরা এই উৎসবে অংশগ্রহণ করেন এবং নিজেদের উপস্থিতিতে উৎসবকে আরও বর্ণময় করে তোলেন।

প্রকৃতি, শিক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক যোগাযোগ_সব মিলিয়ে জুরিখ যেন আধুনিক ইউরোপের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। তাই সুইজারল্যান্ডের গল্প বলতে গেলে জুরিখের নাম বিশেষভাবে উচ্চারিত হবেই। আগামী পর্বে সুইজারল্যান্ডের আরেকটি আকর্ষণীয় শহরকে নিয়ে আবারও ফিরে আসব পাঠকদের সঙ্গে নতুন কথোপকথনে।