
নয়াদিল্লি: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের বক্তব্যে (Savarkar)ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক ময়দান। ভাগবত বলেছেন, বীর সাভারকরকে ভারতরত্ন দেওয়া হলে এই সম্মানের মর্যাদা আরও বাড়বে। মুম্বাইয়ে ‘সঙ্ঘ যাত্রার ১০০ বছর নতুন দিগন্ত’ শীর্ষক দু’দিনের বক্তৃতা সিরিজে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “আমি সেই কমিটিতে নেই, কিন্তু সুযোগ পেলে অবশ্যই জিজ্ঞাসা করব।
স্বতন্ত্র বীর সাভারকরকে ভারতরত্ন দেওয়া হলে ভারতরত্নের মর্যাদা বাড়বে। এমনকি এই সম্মান না পেলেও তিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে সম্রাট হয়ে আছেন।”এই বক্তব্যের পরপরই বিজেপি এবং তার সমর্থকরা স্বাগত জানিয়েছেন। বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত বলেছেন, “ভাগবতের এই অনুভূতি প্রত্যেক ভারতীয়র। সাভারকর ভারতরত্নের চেয়েও বড়। তাঁকে দেওয়া হলে এটা প্রত্যেক ভারতীয়র জন্য গর্বের মুহূর্ত হবে।”
আরও দেখুন: ভোটার তালিকা সংশোধনে বাধা দিলে কড়া ব্যবস্থা, রাজ্য সরকারকে সুপ্রিম সতর্কতা
রাজস্থান বিজেপি সভাপতি মদন রাঠোড়ও সাভারকরকে মহান জাতীয়তাবাদী বিপ্লবী বলে অভিহিত করে দাবি সমর্থন করেছেন। শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও দাবি করে বলেছেন, বিজেপি ক্ষমতায় থেকেও কেন এটা করেনি, তারা প্রশ্ন তুলেছেন।কিন্তু বিরোধী শিবির থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে।
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান ও হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি মহাবুবনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেছেন, “আজ আরএসএস দাবি করছে যে, যিনি ব্রিটিশদের কাছে ছয়টি ক্ষমা প্রার্থনা পত্র (mercy petitions) লিখেছিলেন, তাঁকে ভারতরত্ন দেওয়া হোক। বিজেপি একদিন নাথুরাম গডসেকেও ভারতরত্ন দেবে।”
ওয়াইসি ১৮৫৭-এর বিদ্রোহী মৌলভি আলাউদ্দিনের উদাহরণ টেনে বলেন, সত্যিকারের স্বাধীনতা সংগ্রামীদের সম্মান করা উচিত, যাঁরা ব্রিটিশদের সামনে মাথা নত করেননি।সাভারকরের ছয়টি ক্ষমা প্রার্থনা পত্রের বিষয়টি দীর্ঘদিনের বিতর্কের কেন্দ্রবিন্দু। ওয়াইসি বলেন, এটা ঐতিহাসিক সত্য যে সাভারকর কারাবাসকালে ব্রিটিশদের কাছে ক্ষমা চেয়ে চিঠি লিখেছিলেন।
তিনি এটাকে ‘গোড়ামি’ বলে অভিহিত করেন এবং বলেন, বিজেপি-আরএসএস এখন সাভারকরকে ‘স্বতন্ত্র বীর’ বলে প্রচার করছে, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। ওয়াইসির এই মন্তব্যে গডসের উল্লেখ বিশেষ করে বিতর্কিত হয়েছে, কারণ গডসে মহাত্মা গান্ধীর হত্যাকারী। ওয়াইসি বলেছেন, এই দাবি চলতে থাকলে একদিন গডসেকেও সম্মান দেওয়ার চেষ্টা হবে।













