Sunday, May 24, 2026
Home Sports News ম্যাকারটনের সঙ্গে চুক্তি বাড়িয়েছে নর্থইস্ট, কী বলছেন এই ভারতীয় মিডফিল্ডার?

ম্যাকারটনের সঙ্গে চুক্তি বাড়িয়েছে নর্থইস্ট, কী বলছেন এই ভারতীয় মিডফিল্ডার?

- Advertisement -

সাফল্যের মধ্য দিয়েই গত ফুটবল সিজন শেষ করেছে নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। সেবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জয় করেছিল পাহাড়ের এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছে। তবে শুধুমাত্র আগের সিজন নয়, গত কয়েক বছর ধরেই ভারতীয় ক্লাব ফুটবলে যথেষ্ট সক্রিয়তা দেখিয়ে আসছে পাহাড়ের এই ক্লাব। বিশেষ করে স্প্যানিশ কোচ হুয়ান পেদ্রো বেনালির দায়িত্ব গ্ৰহনের পর থেকেই ভোল পাল্টাতে শুরু করে পাহাড়ের এই ফুটবল ক্লাবের।

   

পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে অনবদ্য লড়াই করেও চূড়ান্ত সাফল্য পায়নি জন আব্রাহামের এই ফুটবল ক্লাব।স্বাভাবিকভাবেই হতাশা দেখা দিয়েছিল ম্যানেজমেন্ট সহ দলের সমর্থকদের মধ্যে। তবে নিজেদের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়েই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর নর্থইস্ট। তাই অনেক আগে থেকেই দল গঠনের কাজে হাত দিয়েছে জন আব্রাহামের দল। এক্ষেত্রে দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক দাপুটে বিদেশিকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে দলের সঙ্গে। এক্ষেত্রে বিদেশি ফুটবলার আলাদিন আজারেইয়ের পাশাপাশি বেশকিছু ভারতীয় ফুটবলারকে দীর্ঘমেয়াদী চুক্তিতে রাখার পরিকল্পনা নর্থইস্টের।

সেক্ষেত্রে গত কয়েক মাস ধরেই উঠে আসতে শুরু করেছিল ম্যাকারটন লুই নিকসনের নাম। সেটাই হয়েছে এবার। এই ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে আগামী ২০২৮ সাল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী চুক্তি করে ফেলেছে হুয়ান পেদ্রো বেনালির ফুটবল দল। তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের মাঝমাঠকে। পাশাপাশি দলের সঙ্গে যুক্ত থাকতে পারায় যথেষ্ট খুশি কর্নাটকের এই ফুটবলার। দলের সঙ্গে চুক্তি বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, ” এখানে থাকতে পেরে আমি কৃতজ্ঞ, এবং আমি এখানে দীর্ঘ সময় থাকতে চাই। ডুরান্ড কাপ জয় এবং জাতীয় দলে ডাক পাওয়া ছিল মরসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেইসাথে এই দলের সাথে, আমি আরও স্মরণীয় মুহূর্ত তৈরি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

Follow on Google