
ফলতার (Falta Election Result) রাজনৈতিক লড়াইয়ে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সকাল থেকেই উত্তেজনার পারদ চড়েছে গোটা এলাকায়। আজ ফলতা কেন্দ্রের ভোট গণনা অনুষ্ঠিত হচ্ছে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে। কড়া নিরাপত্তার মধ্যেই শুরু হয়েছে গণনার কাজ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে একাধিক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সব রাজনৈতিক দলের প্রার্থী ও তাঁদের এজেন্টদের উপস্থিতিতেই চলবে গণনা। মোট ২১ রাউন্ড ধরে ভোট গণনা হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, গণনা প্রক্রিয়ায় নিযুক্ত রয়েছেন মোট ৬২ জন কর্মী। প্রত্যেকটি টেবিলে নির্দিষ্ট নিয়ম মেনেই চলছে ভোট গণনার কাজ। ইভিএম এবং ভিভিপ্যাট মিলিয়ে একাধিক ধাপে যাচাই প্রক্রিয়া করা হচ্ছে। ভোট গণনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। গণনাকেন্দ্রের বাইরে তৈরি হয়েছে বহুস্তরীয় নিরাপত্তা বলয়। শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদেরই প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
এবারের ফলতা কেন্দ্রের(Falta Election Result) নির্বাচন শুরু থেকেই রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল। বিশেষ করে বিজেপির তরফে এই কেন্দ্রকে ঘিরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। রাজনৈতিক মহলের মতে, দক্ষিণ ২৪ পরগনার এই এলাকায় বিজেপি নিজেদের সাংগঠনিক শক্তি আরও বাড়াতে চাইছে। তাই ফলতার ফলাফল শুধুমাত্র একটি আসনের জয়-পরাজয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আগামী রাজনৈতিক সমীকরণের দিক থেকেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নির্বাচনের আবহে সবচেয়ে বেশি চর্চায় উঠে আসে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের নাম। ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন তিনি। তাঁর এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় জোর বিতর্ক। এরপর থেকেই কার্যত প্রকাশ্যে আর দেখা যায়নি তাঁকে। তাঁর অনুপস্থিতি নিয়ে জল্পনা আরও বাড়তে থাকে। বিরোধীদের একাংশের দাবি, এই ঘটনায় তৃণমূলের অন্দরেও অস্বস্তি তৈরি হয়েছে। যদিও শাসকদলের তরফে এ বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি।
অন্যদিকে বিজেপি প্রার্থী (Falta Election Result) দেবাংশু পান্ডা জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। ভোটের দিন থেকেই তিনি দাবি করে আসছেন, সাধারণ মানুষ পরিবর্তনের পক্ষেই রায় দিয়েছেন। গণনা শুরুর আগেও তিনি বলেন, “মানুষ আমাদের পাশে রয়েছেন। ফলাফলেই তা স্পষ্ট হয়ে যাবে।” বিজেপি শিবিরের দাবি, এবারের ভোটে সাধারণ মানুষের বিপুল সাড়া মিলেছে এবং সেই কারণেই তাঁরা আশাবাদী।
গণনাকেন্দ্রের (Falta Election Result) বাইরে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকেরা। কোথাও উড়ছে দলীয় পতাকা, কোথাও আবার চলছে স্লোগান। তবে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর রেখেছে প্রশাসন। র্যাফ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হয়েছে এলাকায়।












