
অপেক্ষার অবসান। ভ্যালেন্টাইনস ডের আবহে শনিবার থেকেই শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের ২০২৫-২৬ মরসুম ( ISL opener)। উদ্বোধনী ম্যাচের মঞ্চ ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গন। প্রথম ম্যাচেই মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট এবং কেরালা ব্লাস্টার্স এফসি। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে আত্মবিশ্বাসী সুর শোনা গেল সবুজ-মেরুন শিবিরে। নতুন হেড কোচ সের্জিও লোবেরা স্পষ্ট জানালেন, “আমি চাপ নিয়ে চলতে ভালোবাসি। মোহনবাগান বড় দল, সমর্থকদের প্রত্যাশা থাকবেই। আমরা দীর্ঘদিন অনুশীলন করেছি, কিন্তু শেষ পর্যন্ত মাঠেই প্রমাণ করতে হবে।”
লোবেরা আরও বলেন, “এই দলের কোচ হতে পেরে আমি সম্মানিত। কেরালা নতুন করে দল গড়েছে, বেশ কয়েকজন নতুন ফুটবলার সই করিয়েছে। তবে আমাদের ফোকাস নিজেদের খেলায়। লিগের শীর্ষে থাকাই লক্ষ্য। প্লে-অফ নিয়ে এখন ভাবছি না। প্রথম ম্যাচটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
আরও দেখুন: কুরিগ্রামে জয়ী আতিক মুজাহিদকে ঘিরে বাংলায় বাড়ল জিহাদি হামলার উদ্বেগ
চাপের প্রসঙ্গে স্প্যানিশ কোচের সোজাসাপ্টা জবাব, “আমি জানি আমি চ্যাম্পিয়ন দলের দায়িত্ব নিয়েছি। সেই চাপটাই আমাকে অনুপ্রাণিত করে। আমরা চাই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে এবং সমর্থকদের আনন্দ দিতে।” দলের বিদেশি তারকা দিমিত্রি পেত্রাতোসও কোচের প্রশংসায় পঞ্চমুখ। তিনি জানান, “লোবেরা এসে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমরা কঠোর অনুশীলন করেছি। ভালো-খারাপ খেলা জীবনেরই অংশ, কিন্তু আমরা সমর্থকদের জন্য সেরাটা দিতে প্রস্তুত।”
ভ্যালেন্টাইনস ডে প্রসঙ্গে পেত্রাতোসের বিশেষ বার্তা, “আগামীকাল খুবই বিশেষ দিন। আশা করি সমর্থকেরা বন্ধু ও পরিবারকে নিয়ে মাঠে আসবেন এবং আমাদের সমর্থন করবেন।” সবুজ-মেরুন সমর্থকদের উন্মাদনায় মুখরিত হতে চলেছে যুবভারতী। ভ্যালেন্টাইনস ডেতে প্রিয় দলের খেলা। আবেগ আর প্রত্যাশার মেলবন্ধনে তৈরি হচ্ছে অন্যরকম আবহ।













