
দিন ছয়েক অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। অন্যান্য বছর গুলিতে দুইটি লেগের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট আয়োজিত হলেও এবার মূলত একটি লেগেই পরিচালিত হবে এই সর্বভারতীয় ফুটবল লিগ। সেদিকে নজর রেখেই গত কয়েক সপ্তাহ আগে থেকে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে অংশগ্রহণকারী ফুটবল দল গুলি। তবে এক্ষেত্রে বাকিদের তুলনায় প্রথম থেকেই সকলের নজর রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) দিকে। বলাবাহুল্য, এই নতুন বছরের তৃতীয় দিন থেকেই অনুশীলন শুরু করেছে ময়দানের এই প্রধান। যেখানে প্রথম থেকেই ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল দলের সকল ফুটবলারদের। হোসে মোলিনার পর এবার সার্জিও লোবেরার তত্ত্বাবধানে নিজেদের পুরনো ছন্দ ফিরে পেতে মরিয়া মেরিনার্সরা।
আরও পড়ুন: লাল-হলুদে যোগদান করে বিশেষ বার্তা এজ্জেজারির, আপ্লুত অস্কার
সেজন্য অনুশীলনের পাশাপাশি প্রস্তুতি ম্যাচের দিকে ও যথেষ্ট গুরুত্ব দিয়েছেন কোচ। গত কয়েক সপ্তাহে সেইমতো একাধিক প্রস্তুতি ম্যাচ সেরেছে ময়দানের এই প্রধান। রিজার্ভ দলের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলার পর গত কয়েক সপ্তাহ আগেই বিধাননগর মিউনিসিপ্যাল গ্ৰাউন্ডে দ্বিতীয় ম্যাচে নেমেছিল দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমি। সম্পূর্ণ সময়ের শেষে প্রায় সাত গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল মেরিনার্সরা। পরবর্তীতে আরও প্রস্তুতি ম্যাচ খেলে সবুজ-মেরুন শিবির।
আরও পড়ুন: ব্রিটিশ বধে ষষ্ঠবার বিশ্বসেরা ভারত
সেখানেও আসে অভূতপূর্ব সাফল্য। যা নিঃসন্দেহে খুশি করেছে সকল সমর্থকদের। গতবার সেরার সেরা হওয়ার সুবাদে আগামী ১৪ই ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে কলকাতা ময়দানের এই প্রধান। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্স। এখন এই ম্যাচের দিকে বিশেষ নজর থাকবে প্রত্যেকের। সুপার কাপের হতাশা ভুলে দল আদৌ কতটা ঘুরে দাঁড়াতে পারে সেটাই দেখার বিষয়। কিন্তু তার আগে এবার ফুরফুরে মেজাজে কলকাতা ভ্রমণ করলেন বাগানের তিন তারকা ফুটবলার। জেসন কামিন্স, জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোস। বেশ কিছু ঘন্টা আগে নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত ছবি আপলোড করেন জেমি ম্যাকলারেন। যা রীতিমতো নজর কেড়েছে সকলের।













