
কলকাতা: আগামী শনিবার থেকেই শুরু হয়ে যাবে দেশের প্রথম ডিভিশন লিগ। তথা আইএসএল। তাই অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল দল গুলি। এক্ষেত্রে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট অনেক আগে থেকেই মাঠে নেমে পড়লেও বেশ কিছুটা সময় পরেই প্রস্তুতি শুরু করে আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাব। গত জানুয়ারির শেষ দিন থেকেই প্রথম ডিভিশন লিগের জন্য নিজেদের তৈরি করতে শুরু করেছে সাদা-কালো (Mohammedan SC) শিবির। গতবারের পর এবারও মেহেরাজুদ্দিন ওয়াডুর উপরেই ভরসা রাখল ম্যানেজমেন্ট।
আরও পড়ুন: ISL 2025-26: জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর সেরা পাঁচ বিদেশি চুক্তি
উল্লেখ্য, গতবার ইন্ডিয়ান সুপার লিগের প্রথম দিকে দুরন্ত ফুটবল খেলতে দেখা গিয়েছিল মহামেডান দলকে। সেই সময় অনেকেই মনে করেছিল যে হয়তো নক আউটের অন্যতম দাবিদার হিসেবে উঠে আসবে কলকাতার এই দল। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই কার্যত ফিকে হতে শুরু করেছিল সমস্ত কিছু। যারফলে খালি হাতে, পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই শেষ হয়েছিল টুর্নামেন্ট। সেই ধাক্কা কাটিয়ে এবার সাফল্য পাওয়ার লক্ষ্য নিয়ে সিজন শুরু করেছিল এই তৃতীয় প্রধান।
আরও পড়ুন: মোহনবাগান শিবিরে বড় ধাক্কা, মরসুমে খেলতে পারবেন না আশিস
সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট তথা সুপার কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও শেষ পর্যন্ত নাস্তানাবুদ হয়ে শেষ করতে হয়েছিল টুর্নামেন্ট। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সমর্থকরা। তবে এবার দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে নজরকাড়া পারফরম্যান্স করার লক্ষ্য থাকবে প্রত্যেকের। আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে নিজেদের অভিযান শুরু করতে চলেছে ব্ল্যাক প্যান্থার্সরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েন কোয়েলের জামশেদপুর এফসি। সেই ম্যাচের আগে যে সময়টুকু বাকি রয়েছে তাঁর মধ্যেই গোটা দলকে তৈরি করে নিতে চাইবেন কোচ মেহেরাজউদ্দিন ওয়াডু।
তবে শোনা যাচ্ছিল যে আইএসএলের কথা মাথায় রেখে হয়তো কোনও সফল ভারতীয় কোচের উপর দায়িত্ব দেবে ব্ল্যাক প্যান্থার্সরা। কিন্তু শেষ পর্যন্ত মেহেরাজের হাত ধরেই সাফল্য পাওয়ার স্বপ্ন দেখছেন কর্তারা।













