
মুম্বই: দীর্ঘ দু’বছরের নির্বাসন পর্ব শেষ। মাইক্রো ব্লগিং সাইট টুইটারে সগৌরবে প্রত্যাবর্তন করলেন বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাওয়াত। ২০২১ সালের মে মাসে টুইটারের নিয়মভঙ্গ এবং বিদ্বেষমূলক মন্তব্যের জেরে তাঁর অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছিল। অবশেষে সেই অ্যাকাউন্ট ফিরে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত অভিনেত্রী। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে টুইটার হ্যান্ডেলের স্ক্রিনশট শেয়ার করে কঙ্গনা লেখেন, “টুইটারে ফিরে আসতে পেরে আমি আনন্দিত।”
কেন সাসপেন্ড হয়েছিল কঙ্গনার অ্যাকাউন্ট? একুশের রাজ্য বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর শাসকদলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ ওঠে। সেই সময় একটি বিতর্কিত টুইট করে কঙ্গনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছিলেন, তিনি যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দমন’ করেন। টুইটারের ‘হেটফুল কন্ডাক্ট’ বা ঘৃণামূলক আচরণ বিধি বারবার লঙ্ঘনের দায়েই এরপর কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট (@KanganaTeam) চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছিল।
জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী বরাবরই প্রধানমন্ত্রী মোদীর কট্টর সমর্থক হিসেবে পরিচিত। গত বছর ধনকুবের ইলন মাস্ক টুইটারের মালিকানা অধিগ্রহণ করার পরেই কঙ্গনার অনুরাগীরা তাঁর অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার জোরদার দাবি তুলতে শুরু করেন। মাস্কের ওই পদক্ষেপকে স্বাগত জানিয়ে সেই সময় ইনস্টাগ্রামে সরব হয়েছিলেন খোদ কঙ্গনাও। অবশেষে ইলন মাস্কের হাত ধরেই টুইটারে দীর্ঘ ২ বছরের ‘শাপমুক্তি’ ঘটল বলিউডের এই ফায়ারব্র্যান্ড অভিনেত্রীর৷













