
সোহিনী পোড়েল, কলকাতা: আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৯তম সংস্করণ (IPL 2026)। বিশ্বকাপের ফাইনালে এই বিষয়ে ঘোষণা করা হয়েছিল। বুধবার প্রকাশ্যে এল আইপিএলের প্রথম পর্বের সূচি। আপাতত আগামী ১২ মার্চ পর্যন্ত সূচি ঘোষণা করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। উদ্বোধনী ম্যাচের পরের দিন অর্থাৎ, আগামী ২৯ মার্চ থেকে আইপিএলের যাত্রা শুরু করবে কলকাতা নাইট রাইডার্স।
প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচের আসর বসবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ২ এপ্রিল ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। আগামী ৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত ২০ টি ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, আসন্ন আইপিএলের ২ টি প্লে-অফ ম্যাচ এবং ফাইনাল হবে বেঙ্গালুরুতে।
প্রথম পর্বে কেকেআরের সূচি –
২৯ মার্চ, রবিবার – কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স, মুম্বই
২ এপ্রিল, বৃহস্পতিবার – কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা
৬ এপ্রিল, সোমবার – কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস, কলকাতা
৯ এপ্রিল, বৃহস্পতিবার – কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস, কলকাতা













