শুভমনের ব্যাটে ঝড়, রাজস্থানকে উড়িয়ে বড় জয়ে গুজরাট টাইটান্স

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়ে রাজস্থানকে ৭৭ রানে হারাল গুজরাট। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠল শুভমন গিলের দল।

By Sandipa Nandy

Published:

Follow Us
gujarat-titans-thrash-rajasthan-royals-by-77-runs

Kolkata, May 10: টানা চতুর্থ জয় গুজরাটের। নতুন করে জেগে উঠেছে দলের প্লে-অফের আশা। আইপিএল ২০২৬-এর ৫২তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস। কঠিন প্রতিপক্ষ রাজস্থানের বিরুদ্ধে এই ম্যাচটি ৭৭ রানের বিশাল ব্যবধানে জিতেছে। এর সাথেই শুভমনের দল ১৪ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থান থেকে সোজা উঠে এসেছে ২ নম্বরে।

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৯ রান করে। আজ এই বড় রানের পিছনে রয়েছেন অধিনায়ক শুভমন। এদিন তাঁর ৪৪ বলে ৮৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৯টি চার ও ৩টি ছক্কায়। এছাড়া গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওপেনার সাই সুদর্শন (৩৬ বলে ৫৫ রান), ওয়াশিংটন সুন্দর (২০ বলে ৩৭)।

   

জবাবে রান তাড়া করতে নেমে গুজরাটের বোলারদের কাছে আজ কিছুতেই দাঁড়াতে পারেনি রাজস্থানের ব্যাটিং অর্ডার। পুরো ২০ ওভার খেলতেও পারেনি তারা। ১৬.৩ ওভারে ১৫২ রানেই সবকটি উইকেট হারিয়ে বসে রিয়ান পরাগের দল। এদিন দলের হয়ে সর্বোচ্চ রান করেন রবীন্দ্র জাদেজা (৩৮)। দ্বিতীয় সর্বোচ্চ রান বৈভব সূর্যবংশী (৩৪)। ধ্রুব জুরেল ২৪ রানে ফিরে যান। এছাড়া কারোর ইনিংস সম্মানজনক নয়।

গুজরাটের ব্যাটিং দাপটকে রুখতে পারেনি রাজস্থানের কোনো বোলার। শুধু ব্রিজেশ শর্মা ২টি এবং যশ পুঞ্জ, রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট নেন। উল্টোদিকে, আজ ব্যাটিংয়ের পাশাপাশি ঝড় তুলে দিয়েছে গুজরাটের বোলিং বিভাগ। এদিন দলের হয়ে গুরুত্বপূর্ণ ৪টি উইকেট শিকার করেন রশিদ খান এবং ৩টি উইকেট নেন জোফ্রা আর্চার। এছাড়া ২টি উইকেট এসেছে কাগিসো রাবাডার থেকে। ১টি উইকেট ঝুলিতে ভরেছেন মহম্মদ সিরাজ।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google