
কলকাতা: রাজ্যের মহিলাদের জন্য এবার নজিরবিহীন উপহার রাজ্য সরকারের। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে মহিলাদের যাতায়াতের জন্য কোনও ভাড়া লাগবে না। গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই সিদ্ধান্তকে কার্যকর করতে ইতিমধ্যেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে রাজ্যের পরিবহণ দপ্তর। কীভাবে মহিলারা এই সুবিধা পাবেন, কীভাবেই বা আবেদন করতে হবে, তা স্পষ্ট করে একটি বিস্তারিত নির্দেশিকা ও গাইডলাইন জারি করেছে পরিবহণ দফতর। (Free Bus Travel for Women in West Bengal)
বিনামূল্যে যাতায়াতের জন্য আসছে বিশেষ ‘স্মার্ট কার্ড’
পরিবহণ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের সমস্ত মহিলাদের একটি বিশেষ ‘স্মার্ট কার্ড’ দেওয়া হবে। এটি হবে একটি কিউআর (QR) কোড-যুক্ত ডিজিটাল কার্ড। বাসে ওঠার পর এই কার্ডটি পাঞ্চ বা স্ক্যান করেই মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
কার্ডের জন্য আবেদন করতে কী কী নথি লাগবে?
এই বিশেষ ডিজিটাল কার্ডটি পাওয়ার জন্য আবেদনপত্রের সঙ্গে নিচে দেওয়া সরকারি বৈধ পরিচয়পত্রগুলির মধ্যে যে কোনও একটির জেরক্স এবং আবেদনকারীর একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে-
ভোটার সচিত্র পরিচয়পত্র (EPIC)
ড্রাইভিং লাইসেন্স
প্যান কার্ড
ভারতীয় পাসপোর্ট
VB-G RAMG জব কার্ড (গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড)
আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড
ছবি-সহ পেনশন সংক্রান্ত নথিপত্র
স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত অফিশিয়াল পরিচয়পত্র
কেন্দ্রীয় বা রাজ্য সরকার/রাষ্ট্রায়ত্ত সংস্থা (PSU)/পাবলিক লিমিটেড কোম্পানির কর্মীদের ছবি-সহ পরিচয়পত্র
পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত অন্য যে কোনও বৈধ ফটো পরিচয়পত্র
কীভাবে এবং কোথায় আবেদন করবেন?
এই সরকারি স্কিমের সুবিধা পেতে সুবিধাভোগী মহিলাদের নিজের এলাকার ব্লক উন্নয়ন আধিকারিক (BDO) অথবা মহকুমা শাসক (SDO)-এর অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্মে আবেদন জানাতে হবে। ফর্মের সঙ্গে ওপরের যে কোনও একটি নথি ও ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।
কোন কোন বাসে মিলবে সুবিধা?
পরিবহণ দপ্তর স্পষ্ট করেছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সমস্ত মহিলাই এই সুবিধা পাওয়ার যোগ্য। রাজ্যের তিন পরিবহণ নিগম— WBTC, NBSTC এবং SBSTC-র সমস্ত বাসে এই নিয়ম কার্যকর হবে। শুধু লোকাল রুটই নয়, দূরপাল্লার সমস্ত রুটের সরকারি বাসেও মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
কার্ড না আসা পর্যন্ত কী করণীয়?
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ১ জুন থেকে নিয়ম চালু হলেও হাত পেতে স্মার্ট কার্ড পেতে তো কিছুদিন সময় লাগবে, তাহলে উপায়? পরিবহণ দপ্তর আশ্বস্ত করে জানিয়েছে, যতদিন না ডিজিটাল স্মার্ট কার্ড হাতে আসছে, ততদিন মহিলারা বাসে উঠে অন-ডিউটি কন্ডাক্টরকে তাঁদের যে কোনও একটি সরকারি ফটো আইডি প্রুফ (যেমন ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি) দেখিয়ে ভেরিফিকেশন করিয়ে নিতে পারবেন। নথির সত্যতা যাচাই করে কন্ডাক্টর তৎক্ষণাৎ একটি ‘জিরো ভ্যালু টিকিট’ (Zero Value Ticket) বা থার্মাল পেপার টিকিট ইস্যু করবেন। ফলে কার্ড আসার আগেও ১ জুন থেকেই এই দুর্দান্ত সুবিধা ভোগ করতে পারবেন রাজ্যের নারীশক্তি।












