মুম্বই: লক্ষ্মীবারে মুম্বইয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকর। পাত্রী হলেন শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি সানিয়ার চন্দোক। ক্রিকেট থেকে বিনোদন, মুম্বইয়ে বসেছে চাঁদের হাট। নবদম্পতিকে আশীর্বাদ করতে হাজির হয়েছেন মহেন্দ্র সিং ধোনি থেকে সুনীল গাভাসকর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি। জামনগরে জমকালো প্রাক-বিবাহ সম্পন্ন হয়েছিল। (Arjun Tendulkar wedding)
বৃহস্পতিবার বেলা ১২টা থেকে শুরু হয়েছে বিয়ের আচার অনুষ্ঠান। উপস্থিত হয়েছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, সস্ত্রীক গাভাসকর, মহেন্দ্র সিং ধোনি, সাক্ষী, বীরেন্দ্র শেহবাগ, সুরেশ রায়না, ইউসুফ পাঠান, হরভজন সিং, সস্ত্রীক রাহুল দ্রাবিড়, জাহির খান ও সাগরিকা ঘাটকে, অনীল কুম্বলে, ইরফান পাঠান। নিমন্ত্রিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সৌরভ গঙ্গোপাধ্যায় সহ দেশের তাবড় তাবড় বিশিষ্ট ব্যক্তি। শোনা যাচ্ছে, ফুল ছাড়া উপহার নিয়ে কেউ যেতে পারবেন না। অর্জুন-সানিয়াকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছেন জয়া-অমিতাভ, অভিষেক-ঐশ্বর্য, রাজকুমার হিরানি, ফারহান আখতার, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি, সস্ত্রীক শঙ্কর মহাদেবন।
এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, মুকেশ আম্বানি, নীতা আম্বানি, শ্লোকা মেহতা, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট সহ দুই পরিবারের সদস্যরা রয়েছেন। নীতা আম্বানির পরনে ছিল রাজকীয় বেগুনি শাড়ি এবং হিরের গয়না। নীতা জানান, “আজ আমরা সবাই এখানে জড়ো হয়েছি। এটা সেই জায়গা, যেখানে অনন্ত ও রাধিকার ভালোবাসা পূর্ণতা পেয়েছিল। শচীন ও অর্জুন, তোমরা সব সময় আমাদের পরিবারের মতোই ছিলে। আজ আমরা আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি।“
এরপরই আবেগঘন হয়ে শচীন বলেন, “অর্জুন যখন একটি মেয়েকে আমার সঙ্গে দেখা করতে বাড়িতে নিয়ে আসে, তখন আমি বুঝতে পারি ও কত বড় হয়ে গিয়েছে। ওরা একে অপরকে খুব ভালোবাসে। তোমার জন্য গর্বিত অর্জুন। তুমি এমন একজনকে খুঁজে পেয়েছ যে তোমাকে ততটাই ভালোবাসে, যতটা তুমি তাকে ভালোবাসো।” উল্লেখ্য, গত বছর ১৩ আগস্ট বাগদান সেরেছিলেন অর্জুন তেণ্ডুলকর ও সানিয়ার চন্দোক।




















