মুখ্যমন্ত্রীর দূরদর্শিতা আছে, বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা

কলকাতা: “বিধানসভায় যতক্ষণ থাকবেন, নতুন কিছু শিখবেন। আপনার বলার সুযোগ থাকুক বা না থাকুক, বিধানসভায় উপস্থিত থাকুন।” শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে রাজ্যের বিধায়কদের জন্য আয়োজিত…

Om Birla advises West Bengal MLAs to keep learning in Assembly

কলকাতা: “বিধানসভায় যতক্ষণ থাকবেন, নতুন কিছু শিখবেন। আপনার বলার সুযোগ থাকুক বা না থাকুক, বিধানসভায় উপস্থিত থাকুন।” শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে রাজ্যের বিধায়কদের জন্য আয়োজিত দু’দিনের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদীয় রাজনীতির এমনই পাঠ দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। (Om Birla advises West Bengal MLAs to keep learning in Assembly)

বিধায়কদের দায়িত্ব ও ভূমিকা

এদিন ওম বিড়লা বিধায়কদের উদ্দেশে বলেন, “একজন বিধায়কের ওপর রাজ্যের মানুষের আশা-প্রত্যাশা অনেক থাকে। রাজ্যের আইন, মানুষের অবস্থা এবং সার্বিক উন্নয়ন, সবই বিধায়কদের ভূমিকার ওপর নির্ভর করে। ভালো বিধানসভা সেটাই, যেখানে সমস্যার পাশাপাশি সমাধানের পথ খোঁজা হয়।” তিনি বিধায়কদের পরামর্শ দেন, নিয়মিত পুরোনো আলোচনা ও বিতর্কগুলি পড়ার অভ্যাস করতে। তথ্যের ওপর নির্ভর করে আলোচনায় অংশ নেওয়ার ওপর বিশেষ জোর দেন তিনি।

   

ডিজিটাল ও এআই যুগে শিক্ষার গুরুত্ব

বর্তমান প্রযুক্তিনির্ভর যুগের কথা উল্লেখ করে লোকসভার স্পিকার বলেন, “আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই-এর যুগে বাস করছি। ডিজিটাল দুনিয়ায় এখন বিশ্বের যেকোনো প্রান্তের তথ্য নিমেষেই পাওয়া সম্ভব। চাইলে অন্য দেশের বাজেটও দেখে নিতে পারেন। বিধায়কদের শেখার ইচ্ছা ও প্রচেষ্টা সর্বদা বজায় রাখতে হবে।”

বাংলার ঐতিহ্য ও মুখ্যমন্ত্রী প্রসঙ্গে

পশ্চিমবঙ্গের ভূমির প্রসংশা করে ওম বিড়লা বলেন, “বাংলার মাটি শিল্প, শিক্ষা ও উদ্যোগের মাটি। এই রাজ্যের হৃত গৌরব বা ঐতিহ্যকে ফের পুনরুজ্জীবিত করতে হবে।” পাশাপাশি, রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর একটা দূরদর্শিতা রয়েছে। তিনি গণতন্ত্রের কাঠামোর মধ্যেই থেকে সব কাজ করার কথা বলছেন।”

বিধানসভায় উপস্থিতির ওপর জোর

বিধায়কদের প্রতি তাঁর স্পষ্ট বার্তা, “নিজের বিধানসভায় কীভাবে আরও ভালো কাজ করা যায়, তার জন্য নতুন কিছু শেখা প্রয়োজন। আর সেই শেখার জায়গাটি হলো বিধানসভার অন্দরমহল। তাই যতটা সময় সম্ভব বিধানসভায় অতিবাহিত করুন।”

উল্লেখ্য, এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, বিধানসভার স্পিকার ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং এবং কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। দেশের সংসদীয় রীতিনীতি ও সাংবিধানিক দায়িত্ব সম্পর্কে জন প্রতিনিধিদের আরও দক্ষ করে তোলাই এই প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য।