সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত বছরের জুলাই মাসে স্পেনের ফুটবল ক্লাব থেকে ভারতে এসেছিলেন কেভিন সিবিল্লে (Kevin Sibille)। যোগদান করেছিলেন অস্কার ব্রুজোর ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবে। তারপর থেকেই সময় যত এগিয়েছে নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন এই আর্জেন্টাইন। বলতে গেলে গেলে দলের রক্ষণভাগে অন্যতম স্তম্ভ হিসেবে নিজেকে সামনে এনেছিলেন কেভিন। যারফলে তাঁর উপস্থিতি নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যুক্ত করেছিল দলের মধ্যে। তবে মরসুমের শুরু থেকে অনবদ্য ফুটবল খেললেও ট্রফির খরা কিছুতেই যেন কাটতে চাইছিল না ময়দানের এই প্রধানের।
হাতছাড়া হয়েছিল ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএফএ শিল্ডের মতো টুর্নামেন্ট। এমনকি সর্বভারতীয় কাপ টুর্নামেন্টে তথা সুপার কাপের ও ফাইনালে পরাজিত হতে হয়েছিল টাইব্রেকারে। তারপর ডাগ আউটেই চোখের জল ফেলতে দেখা গিয়েছিল এই আর্জেন্টাইন তারকাকে। সেই ধাক্কা কাটিয়ে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে সাফল্য পাওয়াই ধ্যান জ্ঞান ছিল সকলের। সেটাই হয় শেষ পর্যন্ত গত সিজনে শক্তিশালী ইন্টার কাশীকে পরাজিত করে খেতাব নিশ্চিত করে ইস্টবেঙ্গল। যারফলে বাইশ বছর পর জাতীয় লিগ ফেরে লাল-হলুদে।
তবে নতুন মরসুম শুরুর আগেই পরিস্থিতি হয়ে গিয়েছে ভিন্ন। এবার আর ইস্টবেঙ্গল ফুটবল দলের দায়িত্বে ফিরছেন না অস্কার ব্রুজো। পাশাপাশি দল ছাড়তে চলেছেন একাধিক ফুটবলার। যেটা নিঃসন্দেহে হতাশ করেছে সমর্থকদের। এক্ষেত্রে আর্জেন্টাইন তারকা কেভিন সিবিল্লের নাম ও উঠে আসতে শুরু করেছে ব্যাপকভাবে। যদিও এখনও পর্যন্ত স্পষ্ট নয় বিষয়টি। এসবের মাঝেই জিম সেশনে ফুরফুরে মেজাজে ধরা দিলেন আইএসএল জয়ী এই ডিফেন্ডার। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত একটি ভিডিও স্টোরি আপলোড করেন এই তারকা।
যেখানে ওয়েট লিফটিংয়ের পাশাপাশি ফিজিক্যাল ফিটনেসের উপর বিশেষ গুরুত্ব দেখা যায় এই ফুটবলারকে। নতুন সিজনে ও তাঁর অপেক্ষায় থাকবে লাল-হলুদ সমর্থকরা।



