পারমিতা রায়, শিলিগুড়ি: শহরের পরিচ্ছন্নতা ও সাফাই ব্যবস্থার মানোন্নয়নে বৃহস্পতিবার সকালে বিভিন্ন এলাকায় পরিদর্শনে বের হলেন শিলিগুড়ি পুরনিগমের (Siliguri Municipal Corporation ) প্রশাসক আইএএস আর বিমলা এবং পুর কমিশনার। শহরের একাধিক ওয়ার্ড ঘুরে সাফাই অভিযান, নিকাশি ব্যবস্থা ও আবর্জনা অপসারণের কাজ সরেজমিনে খতিয়ে দেখেন তাঁরা।
পরিদর্শনের সময় সংশ্লিষ্ট আধিকারিক ও সাফাইকর্মীদের সঙ্গে কথা বলে বিভিন্ন এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য নেন প্রশাসক। কোথাও আবর্জনা জমে থাকলে তা দ্রুত পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বর্ষাকালে জল জমার সমস্যা এড়াতে নিকাশি নালাগুলির নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।
আর বিমলা জানান, নাগরিকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই ধরনের পরিদর্শন চালানো হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখতে পুরনিগমের কর্মীদের আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের সাফাই ও নিকাশি ব্যবস্থাকে আরও কার্যকর করতে নিয়মিত নজরদারি চালানো হবে। নাগরিকদেরও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি শিলিগুড়ি পুরনিগমের প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকেই শহরের জলজট, নিকাশি ও নাগরিক পরিষেবা সংক্রান্ত বিষয়গুলিকে অগ্রাধিকার দিচ্ছেন আর বিমলা। বৃহস্পতিবারের এই পরিদর্শন সেই উদ্যোগেরই অংশ বলে মনে করা হচ্ছে।



