সায়ন সেনগুপ্তা, কলকাতা ডেস্ক: অবশেষে জয়ের সরণিতে ফিরল স্পেন। যদিও এবারের ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) শুরুটা খুব একটা ভালো হয়নি একবারের বিশ্বজয়ীদের। প্রথম ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করে শেষ করতে হয়েছিল কেভ ভার্দের বিপক্ষে। যা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা ছিল সকলের কাছেই। সেই ধাক্কা কাটিয়েই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ইসাবেলার দেশ। নির্ধারিত সূচি অনুযায়ী গত রবিবার রাতে গ্ৰুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল স্পেন। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল সৌদি আরব। সম্পূর্ণ সময়ের শেষে ৪-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ফুয়ান্তের ছেলেরা।
দলের হয়ে গোল পান যথাক্রমে লামিনে ইয়ামাল, মিকেল ওয়ারজাবাল, এবং একটি আত্মঘাতী গোল করে বসেন হাসান আলতামবাকতি। জোড়া গোল পান মিকেল। পাশাপাশি এই জয়ের সুবাদে নিজেদের গ্ৰুপ পর্বের শীর্ষে উঠে আসলো স্পেন। চোট সমস্যা কাটিয়ে এদিন মাঠে নেমেছিলেন ওয়ান্ডার কিড। লামিনে ইয়ামাল। বলাবাহুল্য, ১০ মিনিটের মাথায় তার করা গোলেই এগিয়ে যায় স্পেন। যেটা নিঃসন্দেহে অক্সিজেন জুগিয়েছিল দলের ফুটবলারদের। তারপর ২১ মিনিটের মাথায় আসে দ্বিতীয় গোল। এবার ব্যবধান বাড়িয়ে দিয়ে যান মিকেল। তারপর ঠিক মিনিট তিনেকের ব্যবধানে আসে ফের গোল।
এবার নিজের দ্বিতীয় গোল তুলে নেন মিকেল। তারপর ম্যাচের দ্বিতীয়ার্ধে ও বজায় ছিল স্পেনের ফুটবলারদের দাপট। তারপর ৪৯ মিনিটে আত্মঘাতী গোল নিঃসন্দেহে অ্যাডভান্টেজ যুক্ত করেছিল দলের মধ্যে। শেষ পর্যন্ত চারটি গোলের ব্যবধানে আসে জয়। কিন্তু সেখানেই শেষ নয়, তরুণ ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল করার নয়া নজির গড়লেন ইয়ামাল। যা নিঃসন্দেহে বিরাট বড় চমক।



