‘পরিবারের কাছেই নিরাপদ নন মমতা,’ নিরাপত্তা-বিতর্কে বিস্ফোরক অগ্নিমিত্রা

কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের পুলিশি নিরাপত্তা প্রত্যাহার ঘিরে রাজ্য রাজনীতিতে এখন জোর তরজা। আর এই বিতর্কের মাঝেই আগুনে ঘি ঢাললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।…

কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের পুলিশি নিরাপত্তা প্রত্যাহার ঘিরে রাজ্য রাজনীতিতে এখন জোর তরজা। আর এই বিতর্কের মাঝেই আগুনে ঘি ঢাললেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বিস্ফোরক দাবি, বাইরের লোক নয়, বরং নিজের পরিবারের কাছেই সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়! (Mamata Banerjee security withdrawal controversy)

নিরাপত্তা প্রত্যা হারের জেরে বিতর্ক

জানা গিয়েছে, বুধবার রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল সিকিউরিটি অফিসার (PSO) বা ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রায় ২০ বছর ধরে যাঁরা তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের সরিয়ে নেওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের পুলিশ কিয়স্ক এখন সম্পূর্ণ ফাঁকা। তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ কয়েকজন অচেনা অফিসারকে নতুন করে নিরাপত্তার দায়িত্বে পাঠানো হয়েছিল। কিন্তু তাঁদের চিনতে না পারায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁদের ফিরিয়ে দেন।

   

অগ্নিমিত্রার বিস্ফোরক আক্রমণ

এই গোটা পরিস্থিতি নিয়ে কড়া ভাষায় কটাক্ষ করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের নিরাপত্তা নেবেন নাকি কেন্দ্রের, সেটা তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা আগে যা শুনেছি, তাতে বাইরের লোকের চেয়ে পরিবারের লোকেদের থেকেই তাঁর বেশি ভয়! পরিবারের কাছেই যদি তিনি নিরাপদ না হন, তবে তাঁকে কে বাঁচাবে?”

‘বাংলার মানুষকে খাদের ধারে ঠেলে দিয়েছেন’

নিরাপত্তা ইস্যুতে মমতাকে বিঁধতে গিয়ে তাঁর ১৫ বছরের শাসনকালকেও কাঠগড়ায় তোলেন অগ্নিমিত্রা। তিনি তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “বিগত ১৫ বছরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে চরম বিপদের মুখে ফেলে দিয়েছেন। বিশাল কনভয়, বাড়ির সামনে পুলিশের ব্যারিকেড, নিজের সুরক্ষায় কোনও খামতি রাখেননি। আর এখন দেখাচ্ছেন যে তিনি নিরাপত্তা চান না! বাংলার মানুষ সব বিচার করবে। নিজেকে সুরক্ষিত রেখে বাংলার মানুষকে পাহাড়ের ধারে ঠেলে দিয়েছিলেন, শুধু ধাক্কা দেওয়াটাই বাকি ছিল।”

সব মিলিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রত্যাহার এবং মন্ত্রী অগ্নিমিত্রার এই চাঁচাছোলা আক্রমণকে কেন্দ্র করে নতুন করে শোরগোল শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।