সিআইডি হাজিরার মাঝেই অভিষেকের কালীঘাটের বাড়িতে শুরু মাপজোক

কলকাতা: একদিকে ‘ডিজে’ মন্তব্যের জেরে ভবানী ভবনে সিআইডি (CID) দফতরে হাজিরা, আর অন্যদিকে ঠিক সেই সময়েই কালীঘাটের বাড়িতে কলকাতা পুরসভার (KMC) আধিকারিকদের হানা! সব মিলিয়ে…

KMC officials inspect Abhishek Banerjee's Kalighat residence

কলকাতা: একদিকে ‘ডিজে’ মন্তব্যের জেরে ভবানী ভবনে সিআইডি (CID) দফতরে হাজিরা, আর অন্যদিকে ঠিক সেই সময়েই কালীঘাটের বাড়িতে কলকাতা পুরসভার (KMC) আধিকারিকদের হানা! সব মিলিয়ে মঙ্গলবার সকাল থেকেই জোড়া অস্বস্তির মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সাতসকালে তিনি যখন সিআইডি দফতরে তদন্তকারীদের মুখোমুখি, ঠিক তখনই ১২১ নম্বর কালীঘাটে তাঁর বাসভবনে পৌঁছে যান কলকাতা পুরনিগমের আধিকারিকরা। শুরু হয় বাড়ির বাইরের অংশের বিস্তারিত মাপজোক।

   

কী খতিয়ে দেখছে পুরসভা?

পুরসভা সূত্রে খবর, বাড়ির বাইরের অংশের মাপ, সংলগ্ন রাস্তা বা লেন এবং ফুটপাত নির্দিষ্ট নিয়ম মেনে ছাড়া হয়েছে কি না, অথবা ফুটপাতের কোনও অংশ বেআইনিভাবে দখল করে নির্মাণ করা হয়েছে কি না— মূলত সেই বিষয়গুলিই এদিন ফিতে দিয়ে মেপে দেখেন আধিকারিকরা। পুরসভার এক আধিকারিক জানান, সম্পূর্ণ মাপজোকের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে। জানা গিয়েছে, ইতিমধ্যেই ১৮৮ এ হরিশ মুখার্জি রোডে অবস্থিত ‘শান্তিনিকেতন’-এর মাপজোকও সারা হয়েছে।

অন্দরমহলের নকশা জমার নির্দেশ

এর আগে পুরসভার তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল, অভিষেকের বাড়ির অন্দরমহলে নতুন করে কী কী অংশ তৈরি হয়েছে, তার নতুন স্কেচ-সহ একটি ‘এলিভেশন কপি’ জমা দিতে হবে পুরসভায়। তাঁর সম্পত্তির নির্মাণ নকশা নিয়েও আগেই নির্দেশিকা জারি করেছিল পুর প্রশাসন।

১৭টি সম্পত্তিতে ৪০১ ধারায় নোটিস

সম্প্রতি অনুমোদিত নকশার বাইরে গিয়ে অতিরিক্ত নির্মাণের অভিযোগ ওঠে অভিষেকের একাধিক সম্পত্তির বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই অভিষেকের কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে অবস্থিত সম্পত্তিগুলিতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইনের ৪০১ ধারায় নোটিস পাঠায় পুরসভা। সূত্র মারফত জানা যায়, অভিষেক, তাঁর আত্মীয় এবং তাঁর সংস্থার মিলিয়ে মোট ১৭টি সম্পত্তিতে এই নোটিস পাঠানো হয়েছে। সেখানে অনুমোদিত বিল্ডিং প্ল্যান ও নির্মাণ সংক্রান্ত যাবতীয় নথি তলব করা হয়েছে। সেই বেআইনি নির্মাণের অভিযোগ খতিয়ে দেখতেই এবার সরাসরি পথে নামল পুরসভা।