স্পোর্টস ডেস্ক, কলকাতা: বেঙ্গল টি২০ লিগের (Bengal Women T20 ) মহিলা বিভাগে রবিবার দ্বৈত ম্যাচে জয়ের হাসি হাসল কলকাতা রয়্যাল টাইগার্স এবং সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। দিনের প্রথম ম্যাচে মুর্শিদাবাদ কুইন্সকে ১৪ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ পেল কলকাতা। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে শ্রাচী রাঢ় টাইগার্সকে ৫১ রানে পরাজিত করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল শিলিগুড়ি।
রবিবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে দিনের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মুর্শিদাবাদ কুইন্স। ব্যাট করতে নেমে কলকাতা রয়্যাল টাইগার্সের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক মিতা পাল। তিনি ৭১ রানে অপরাজিত থেকে দলের স্কোর ৩ উইকেটে ১৩৫ রানে পৌঁছে দেন। জাহ্নবী রাজ পাসোয়ান, সুস্মিতা পাল এবং প্রতিভা রাণা একটি করে উইকেট নেন। উইমেন অফ দ্য ম্যাচ মিতা পালের কথায় “এই ইনিংসটা আমার কাছে খুবই বিশেষ। দলকে প্রথম জয় এনে দিতে পেরে আমি ভীষণ খুশি। শুরুতে উইকেট একটু ধীর ছিল, তাই সময় নিয়ে ব্যাট করেছি। পরে সুযোগ পেয়ে বড় শট খেলেছি। আমাদের বোলাররাও অসাধারণ পারফর্ম করেছে। এই জয় দলের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয়ই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সামনে আরও ম্যাচ রয়েছে, আমরা ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে চাই এবং সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।” ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুর্শিদাবাদ কুইন্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রানেই থেমে যায়। সুস্মিতা পাল ৩৫ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। কলকাতার হয়ে দেবস্মিতা খালসা ও তৃষিতা সরকার দুটি করে উইকেট নেন। এছাড়া মিতা পাল ও মৌলী মণ্ডল একটি করে উইকেট তুলে নেন।
দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও প্রিয়াঙ্কা বালার দায়িত্বশীল অর্ধশতরানে ভর করে ৮ উইকেটে ১৩৬ রান তোলে দল। প্রিয়াঙ্কা করেন ৫১ রান। প্রতিপক্ষের হয়ে রূপল তিওয়ারি দুর্দান্ত বোলিং করে চারটি উইকেট নেন। প্রিয়াঙ্কা বালা ম্যাচের পর জানালেন “ব্যাট করতে নেমে আমার একটাই লক্ষ্য ছিল দলের জন্য লড়াই করা এবং শেষ পর্যন্ত উইকেটে থাকার চেষ্টা করা। উইকেট খুব সহজ ছিল না, তাই ধৈর্য ধরে খেলতে হয়েছে। সতীর্থদের সমর্থন আমাকে আত্মবিশ্বাস দিয়েছে। অর্ধশতরান করতে পেরে ভালো লাগছে, তবে সবচেয়ে বড় আনন্দ দলের জয়ে। আমাদের বোলাররা অসাধারণ পরিকল্পনা নিয়ে বল করেছে। এই জয় আমাদের পয়েন্ট তালিকায় এগিয়ে দিয়েছে। এখন লক্ষ্য এই ধারাবাহিকতা বজায় রেখে টুর্নামেন্টে আরও ভালো ফল করা।”১৩৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শ্রাচী রাঢ় টাইগার্স কখনও ম্যাচে ফিরে আসতে পারেনি। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ১৬.৪ ওভারে মাত্র ৮৫ রানেই অলআউট হয়ে যায় তারা। দলের সর্বোচ্চ ২১ রান করেন রূপল তিওয়ারি। শিলিগুড়ির হয়ে স্নেহা গুপ্ত ও রোশনী খাতুন দুটি করে উইকেট নিয়ে জয় নিশ্চিত করেন। এই জয়ের ফলে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে কলকাতা রয়্যাল টাইগার্স টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়ে নতুন উদ্দীপনায় পরবর্তী ম্যাচের প্রস্তুতি শুরু করল।





