রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত বা নিখোঁজ সৈন্যদের (Russian Soldiers) কেন্দ্র করে রাশিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)-এর ব্যবহার দ্রুত বাড়ছে। অনেক রুশ পরিবার তাদের প্রিয়জনদের ছবি ও ভিডিও তৈরি করতে এআই ব্যবহার করছে, যার মাধ্যমে মনে হয় যেন তারা বাড়ি ফিরে এসেছে। ২০২৫ সালের জুলাই মাস থেকে সোশ্যাল মিডিয়ায় এ ধরনের এআই-নির্মিত ভিডিও প্রচুর পরিমাণে দেখা যেতে শুরু করেছে। এগুলোতে দেখা যায় সৈন্যরা তাদের পরিবারকে জড়িয়ে ধরছে, বাড়ি ফিরছে কিংবা স্বর্গ থেকে তাদের প্রিয়জনদের দেখতে আসছে।
অধিকাংশ ভিডিওতে রুশ সৈন্যদের এমনভাবে তুলে ধরা হয় যেন তারা নিজেদের দেশ ও পরিবারকে রক্ষাকারী বীর। অন্যদিকে, ইউক্রেন যুদ্ধে সৃষ্ট ধ্বংসযজ্ঞ বা সংঘাতের শিকার মানুষদের কথা সাধারণত উল্লেখ করা হয় না। এ কারণেই অনেক ইউক্রেনীয় এসব ভিডিওর সমালোচনা করেছেন।
এতে আবেগপূর্ণ বার্তাও যুক্ত করা হচ্ছে
রুশ ব্লগার কাতিয়া জিন তাঁর নিখোঁজ সৈনিক স্বামীর এমন বেশ কয়েকটি এআই (AI) ভিডিও তৈরি করেছিলেন। পরবর্তীতে তিনি অন্যদের জন্যও অনুরূপ ভিডিও তৈরির একটি সেবা চালু করেন। মানুষ নিজেদের এবং তাদের প্রয়াত বা নিখোঁজ স্বজনদের ছবি জমা দেয়; এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) তাদের বাস্তবসম্মত ছবি ও ভিডিও তৈরি করে। এগুলোর মধ্যে আবেগঘন বার্তা এবং বিশেষ দৃশ্যও যুক্ত করা হয়।
রাশিয়ার আনা কোরাবলেভা নামের এক নারীও এমন বিদায়সূচক ভিডিও তৈরি করেন। তিনি বলেন, এর মাধ্যমে মানুষ তাদের প্রিয়জনকে শেষবারের মতো দেখার বা তাদের কাছ থেকে বিদায় নেওয়ার অনুভূতি লাভ করে। ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সৈন্যদের পরিবারগুলোর কাছ থেকেই তিনি এ ধরনের ভিডিও তৈরির জন্য সবচেয়ে বেশি অনুরোধ পান।
সতর্কতা অবলম্বনের পরামর্শ
তবে বিশেষজ্ঞরা এই প্রযুক্তির বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক কাতারজিনা নোভাচিক-বাসিন্সকার মতে, এ ধরনের এআই (AI) ভিডিও মানুষের শোক লাঘব করে নাকি তা আরও বাড়িয়ে তোলে, তা এখনও স্পষ্ট নয়। তিনি বিষয়টিকে একটি বড় ধরনের সামাজিক ও প্রযুক্তিগত পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন।
রাশিয়ায় এ ধরনের ভিডিও তৈরির খরচ ২০০ থেকে ১০,০০০ রুবেলের মধ্যে হয়ে থাকে। কিছু এআই (AI) নির্মাতা এর মাধ্যমে ভালো আয় করছেন। এ কারণে কারও কারও অভিযোগ, অন্যের দুর্ভোগকে মুনাফা অর্জনের হাতিয়ার বানানো হচ্ছে। বিবিসি-র একটি প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ২ লাখ ২৫ হাজার রুশ সেনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে; তবে প্রকৃত সংখ্যাটি এর চেয়ে অনেক বেশি বলে ধারণা করা হয়।


