কলকাতা: রাজ্যের রেলযাত্রীদের জন্য ফের এক দুর্দান্ত সুখবর। পশ্চিমবঙ্গ পেতে চলেছে আরও একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস। তবে এবার আর ‘চেয়ার কার’ নয়, দূরপাল্লার সফরের জন্য রেলবোর্ড এবার নিয়ে আসছে ‘বন্দে ভারত স্লিপার’ (Vande Bharat Sleeper) ট্রেন। রেল সূত্রের খবর, সব ঠিকঠাক থাকলে পশ্চিমবঙ্গের মালদা টাউন স্টেশন থেকে রাজস্থানের জয়পুর পর্যন্ত এই অত্যাধুনিক সেমি-হাইস্পিড স্লিপার ট্রেনটি চালানো হতে পারে। ইতিমধ্যেই এই প্রস্তাবিত রুটটি নিয়ে ভারতীয় রেলের বিভিন্ন জোনের মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়ে গিয়েছে। (new vande bharat express from malda town)
কোন রুটে চলবে এই ট্রেন?
রেল বোর্ডের কাছে যে রুট ম্যাপের প্রস্তাব জমা পড়েছে, সেই অনুযায়ী ট্রেনটি মালদা টাউন স্টেশন থেকে ছেড়ে বিহার ও উত্তর প্রদেশের বুক চিরে রাজস্থানে পৌঁছবে। চূড়ান্ত অনুমোদন মিললে ট্রেনটি মালদা টাউন থেকে রওনা দিয়ে ভাগলপুর জংশন, কিউল, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, প্রয়াগরাজ ও কানপুর জংশন হয়ে জয়পুর স্টেশনে গিয়ে থামবে। তবে এই রুটটি চূড়ান্ত করার আগে রেলবোর্ডকে ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে, নর্থ সেন্ট্রাল রেলওয়ে এবং নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের সঙ্গে আরও একপ্রস্থ বৈঠক করতে হবে।
কী থাকছে প্রস্তাবিত সময়সূচিতে?
জমা পড়া প্রস্তাব অনুযায়ী, মালদা টাউন-জয়পুর স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসটি সপ্তাহে দু’দিন করে চলাচল করবে।প্রতি মঙ্গলবার ও শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে মালদা টাউন থেকে ছাড়বে৷ পরের দিন সকাল ১০টা ২০ মিনিটে জয়পুর জংশনে পৌঁছবে।
আবার জয়পুর জংশন থেকে প্রতি বুধবার ও শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ট্রেনটি ছাড়বে এবং পরের দিন বিকেল ৪টে ৪৫ মিনিটে মালদা টাউনে ফিরে আসবে।
তবে রেলযাত্রীদের মনে রাখা দরকার, ভারতীয় রেলের তরফে এখনও এই ট্রেনের বিষয়ে কোনও অফিশিয়াল নোটিফিকেশন বা চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়নি। রেলবোর্ডের সবুজ সংকেত মিললেই মিলবে আনুষ্ঠানিক সিলমোহর।
মালদায় বন্দে ভারতের ডবল ধামাকা
মালদা টাউনের বাসিন্দাদের জন্য বন্দে ভারত স্লিপারের অভিজ্ঞতা অবশ্য এটাই প্রথম নয়। চলতি বছরের শুরুতেই চালু হওয়া হাওড়া-কামাক্ষ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসটির স্টপেজ রয়েছে মালদা টাউন স্টেশনে। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলার যোগাযোগ মজবুত করার পর, এবার যদি জয়পুর রুটটি ছাড়পত্র পেয়ে যায়, তবে উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ রেল স্টেশনটি দেশের পশ্চিম প্রান্তের সঙ্গেও সরাসরি জুড়ে যাবে। স্বাভাবিকভাবেই এই খবরে দারুণ উচ্ছ্বসিত বাংলার পর্যটক ও রেলপ্রেমীরা।




















